মমতার হাতছাড়া জোড়াফুল

আনন্দবাজার পত্রিকা
পশ্চিমবঙ্গে দীর্ঘ ২৮ বছর পর জোড়াফুল প্রতীক ছাড়াই ভোটে লড়তে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের দুই শিবির। দলীয় প্রতীক ও নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের মধ্যে আপাতত কোনো পক্ষকেই আসল তৃণমূল হিসেবে স্বীকৃতি দেয়নি ভারতের নির্বাচন কমিশন।
আগামী ৬ অক্টোবর পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর আসনে বিধানসভার উপনির্বাচন হবে। এর আগে বৃহস্পতিবার রাতে কমিশন জানায়, উপনির্বাচনে তৃণমূলের কোনো পক্ষই জোড়াফুল প্রতীক ব্যবহার করতে পারবে না। পাশাপাশি ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ নামটিও ব্যবহার করা যাবে না। কমিশনের নির্দেশ অনুযায়ী, দুই পক্ষকে আলাদা নাম বেছে নিতে হবে এবং উপনির্বাচনের জন্য সংরক্ষিত প্রতীকের তালিকা থেকে পৃথক প্রতীক নিতে হবে। তবে এটিকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে দেখছে না কমিশন। দলীয় নিয়ন্ত্রণ ও প্রতীক নিয়ে পরে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়া হবে।
১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেসের যাত্রা শুরু হয়। দলটির জোড়াফুল প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আঁকা। সেই প্রতীক নিয়েই গত ২৮ বছর ধরে নির্বাচনে লড়েছে তৃণমূল। এবার প্রথমবারের মতো উপনির্বাচনে সেই প্রতীক থাকছে না।