সৌদির নিরাপত্তায় ‘যেকোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত পাকিস্তান

আরব নিউজ
ইয়েমেনের হাউছি বিদ্রোহীদের ক্রমবর্ধমান হামলার মধ্যে সৌদি আরবকে রক্ষায় ‘যেকোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত বলে জানিয়েছে পাকিস্তান। দেশটির সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেছেন, সৌদি আরবের নিরাপত্তার প্রতি পাকিস্তানের অঙ্গীকার ‘নিঃশর্ত’।  বৃহস্পতিবার আরব নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনসের (আইএসপিআর) মহাপরিচালক আহমদ শরিফ চৌধুরী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘পাকিস্তান কূটনৈতিক ও শারীরিক দুইভাবেই সৌদি আরবের পাশে রয়েছে। এখানে আমি শারীরিকভাবে শব্দটির ওপর জোর দিতে চাই। আমরা যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত।’ আহমদ শরিফ চৌধুরী বলেন, সৌদি আরবের পাশাপাশি মক্কা ও মদিনায় ইসলামের দুই পবিত্র স্থান রক্ষার ক্ষেত্রেও পাকিস্তানের অঙ্গীকার রয়েছে। সৌদি আরবের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে দেশটি প্রতিরোধ অব্যাহত রাখবে বলেও জানান তিনি।
সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিভিন্ন শহর লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান-সমর্থিত হাউছি বাহিনী। বৃহস্পতিবার তায়েফে একটি প্রতিহত ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে একজন নিহত ও দু’জন আহত হন। সাম্প্রতিক হামলাগুলোতে ৮০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।
এ ছাড়া মক্কা শহরের নিয়ন্ত্রিত আকাশসীমার দিকে অগ্রসর হওয়া একটি হাউছি ড্রোনও প্রতিহত করার কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। তবে মক্কাকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে হাউছিরা। 
অন্যদিকে, ইরাক থেকে আসা ড্রোন হামলায় সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনের তিনটি পাম্পিং স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে গুরুত্বপূর্ণ ওই তেল রফতানি রুটটি সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়। পাকিস্তানের সামরিক মুখপাত্রের এবারের বক্তব্য গত সপ্তাহে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া অবস্থানের তুলনায় বেশি দৃঢ়। তখন মন্ত্রণালয় জানিয়েছিল, মক্কা চুক্তির আওতায় সৌদি আরবের বিরুদ্ধে হামলার জবাবে পাকিস্তানের সামরিক পদক্ষেপ নিয়ে কোনো আলোচনা হচ্ছিল না। তবে প্রয়োজন হলে পাকিস্তান ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছিল।
গত ৭ আগস্ট পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে পাকিস্তান ও সৌদি আরব দ্বিপক্ষীয় কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছিল। তবে দুই চুক্তির পূর্ণাঙ্গ কার্যকরী বিধান প্রকাশ করা হয়নি।