
ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী (আইআরজিসি) বুধবার জানিয়েছে, হরমুজ প্রণালির কেশম দ্বীপের আকাশে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে তারা। স্থানীয় সময় বুধবার ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আইআরজিসি।
এক বিবৃতিতে আইআরজিসি জানায়, স্থানীয় সময় রাত ২টা ২৯ মিনিটে (মঙ্গলবার ২৩:০০ জিএমটি) কেশম দ্বীপের আকাশে একটি এমকিউ-৯ ড্রোন শনাক্ত করে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। পরে সেটি ভূপাতিত করা হয়।
আইআরজিসি বলেছে, ভূপাতিত করা ড্রোনটি একই ধরনের ৫২তম ড্রোন, যা ইরান ধ্বংস করেছে।
তবে আইআরজিসির এই দাবির বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি মার্কিন সামরিক বাহিনী।
তুরস্কের বার্তা সংস্থা আনদোলু বুধবার জানিয়েছে, এর এক দিন আগে মঙ্গলবার হরমুজ প্রণালি ও এর আশপাশের এলাকায় তিনটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছিল আইআরজিসি।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে বড় ধরনের হামলা শুরু করে। এসব হামলায় সরকারি ভবন, সামরিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র অবকাঠামো ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্যবস্তু করা হয়। জবাবে ইরান ইসরাইল এবং অঞ্চলজুড়ে মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।
এরপর যুদ্ধটি পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ে। একই সময়ে সংঘাত বন্ধে কূটনৈতিক তৎপরতাও চলছে।







