
পবিত্র নগরী মক্কা শরীফে ড্রোন হামলার চেষ্টার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে বলা হয়েছে, হাউছিদের একটি ড্রোন মক্কার আকাশসীমায় প্রবেশের আগেই দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটি ধ্বংস করেছে।
বুধবার আল জাজিরা জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে শাহবাজ শরিফ বলেন, ‘কাপুরুষোচিত ও জঘন্য এই ড্রোন হামলার চেষ্টার আমি সবচেয়ে কঠোর ভাষায় নিন্দা জানাই।’
তিনি আরো বলেন, ‘এই ন্যক্কারজনক ঘটনায় পাকিস্তানের জনগণ গভীরভাবে দুঃখিত ও উদ্বিগ্ন। আমাদের এই ক্ষোভ, বেদনা ও শোকের গভীরতা প্রকাশ করার মতো যথেষ্ট শক্তিশালী কোনো শব্দ নেই। এই নিন্দনীয় ও ক্ষমার অযোগ্য ঘটনায় আমরা যে যন্ত্রণা অনুভব করছি, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’
আঞ্চলিক পরিস্থিতিতে সংযম বজায় রাখার আহ্বান আবারো জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।







