বাণিজ্যমন্ত্রী, বিশ্বব্যাংক
সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান অঞ্চলের ডিভিশন ডিরেক্টর জাঁ পেসমের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধিদলের সাথে বৈঠকে কথা বলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বাণিজ্য মন্ত্রণালয়

ব্যবসায়িক কার্যক্রম সহজ করা, সরকারি সেবা পুরোপুরি অনলাইনভিত্তিক করা ও তৈরি পোশাকের বাইরে নতুন রফতানি খাত গড়ে তুলতে বিশ্বব্যাংকের কাছে নীতিগত ও কারিগরি সহায়তা চেয়েছে বাংলাদেশ।

Advertisement

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান অঞ্চলের ডিভিশন ডিরেক্টর জাঁ পেসমের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধিদলের সাথে বৈঠকে এ সহায়তা চান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মন্ত্রী জানান, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের জন্য তিন বছর মেয়াদি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে।

তিনি বলেন, ব্যবসায়িক কার্যক্রমের দীর্ঘসূত্রতা কমাতে ট্রেড লাইসেন্স, পরিবেশ ও অগ্নিনিরাপত্তা ছাড়পত্র এবং আমদানি নিবন্ধন সনদ (আইআরসি) দেয়ার প্রক্রিয়া ডিজিটাল করা হচ্ছে।

বর্তমানে এসব সেবা পেতে ৫০ থেকে ৫৫ দিন বা তারও বেশি সময় লাগলেও ওয়ান-স্টপ সার্ভিস পোর্টাল ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোর মাধ্যমে তা ১৪ দিনের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।

রফতানি বহুমুখীকরণকে অর্থনীতির অন্যতম প্রধান অগ্রাধিকার উল্লেখ করে মুক্তাদির বলেন, তৈরি পোশাকের পাশাপাশি চামড়া ও চামড়াজাত পণ্য, নন-লেদার ফুটওয়্যার, জাহাজ নির্মাণ ও পুনঃপ্রক্রিয়াকরণ এবং লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের বিকাশে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে।

সাভার চামড়াশিল্প নগরীতে আন্তর্জাতিক পরিবেশগত মান ও কমপ্লায়েন্স নিশ্চিত করতে নতুন কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) স্থাপনের পরিকল্পনার কথা তুলে ধরেন মন্ত্রী।

পাশাপাশি লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ অর্জনের উদ্যোগ নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

এছাড়া দেশের স্বর্ণশিল্পকে প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় এনে কয়েক বছরের মধ্যে স্বর্ণালঙ্কার রফতানি শিল্প গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলেও উল্লেখ করেন বাণিজ্যমন্ত্রী।

বিশ্ব বাণিজ্যে বাংলাদেশের অংশগ্রহণ বাড়াতে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) ও মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা এগিয়ে চলছে বলেও জানান তিনি।

খন্দকার মুক্তাদির বলেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের বাণিজ্যিক সক্ষমতা বাড়াতে জাপান ও দক্ষিণ কোরিয়ার সাথে ইপিএ এবং সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইউরোপীয় ইউনিয়নের সাথে এফটিএ নিয়ে আলোচনা চলছে।

পাশাপাশি আঞ্চলিক বাণিজ্য জোট আরসিইপিতে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে নীতিগত অনুমোদন পাওয়া গেছে বলেও জানান তিনি।

উন্নয়ন প্রকল্পে পুনরাবৃত্তি ও সমন্বয়হীনতা রোধ, প্রকল্প পরিচালকদের দক্ষতা বৃদ্ধি এবং বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটকে বিশেষায়িত প্রতিষ্ঠানে রূপান্তরের পরিকল্পনার কথাও তুলে ধরেন খন্দকার আব্দুল মুক্তাদির।

বিশ্বব্যাংকের আশ্বাস
বৈঠকে বাণিজ্য সহজীকরণ, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো বাস্তবায়ন, চামড়া ও লাইট ইঞ্জিনিয়ারিং খাতের দক্ষতা উন্নয়ন এবং এফটিএ-সংক্রান্ত গবেষণায় সহায়তার আশ্বাস দেন বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জাঁ পেসমে।

তিনি জানান, বাংলাদেশের বেসরকারি খাত ও উৎপাদনশীল শিল্পের সক্ষমতা বাড়াতে বিশ্বব্যাংক গ্রুপ ও আন্তর্জাতিক অর্থায়ন সংস্থা আইএফসি যৌথভাবে কাজ করতে আগ্রহী।

বিশ্বব্যাংকের প্রসপারিটি বিভাগের আঞ্চলিক প্র্যাকটিস ডিরেক্টর সেবাস্টিয়ান একার্ড বলেন, এলডিসি উত্তরণের আগে আগামী তিন থেকে চার বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তার মতে, এ সময়ে বাণিজ্যনীতি সংস্কার, শুল্ক ও অশুল্ক বাধা দূরীকরণ এবং বৈশ্বিক ভ্যালু চেইনে যুক্ত হতে পারলে বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থান উল্লেখযোগ্যভাবে বাড়বে।

এফটিএ আলোচনায় বাংলাদেশের কর্মকর্তাদের দরকষাকষির সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেয়ার আগ্রহও প্রকাশ করেন তিনি।

বিশ্বব্যাংকের লিড ইকোনমিস্ট সুলেইমান কুলিবালি বলেন, প্যারা-ট্যারিফ ও সম্পূরক শুল্ক কাঠামোর সংস্কার রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তার মতে, ভিয়েতনামের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাণিজ্য সংস্কার ও লজিস্টিক অবকাঠামোর উন্নয়ন ঘটাতে পারলে বাংলাদেশের রফতানি আয় ও কর্মসংস্থান বাড়ানোর বড় সুযোগ তৈরি হবে।

বৈঠকে বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমদ উল্লাহ, খাদিজা নাজনীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র : ইউএনবি