বিজিএমইএ, বিকেএমইএ
মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার আহ্বান জানিয়েছে বিজিএমইএ ও বিকেএমইএ। সংগৃহীত

তৈরি পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত হওয়ায় দ্রুত নতুন তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছে তৈরি পোশাকশিল্পের মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।

Advertisement

আজ সোমবার নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সভায় মালিকপক্ষের মজুরি প্রস্তাব জমা দেয়ার দিন নির্ধারিত ছিল। এ জন্য মালিকপক্ষ তাদের প্রস্তাব পেশ করতে সম্পূর্ণ প্রস্তুত ছিল। তবে শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় সভাটি স্থগিত করা হয়েছে বলে গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছে সংগঠন দুটি।

এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিএমইএ ও বিকেএমইএ জানায়, তারা আশা করছে, মজুরি নির্ধারণের পুরো প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন নিম্নতম মজুরি কার্যকর করার তারিখ ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। তাই দ্রুত মজুরি ঘোষণা করা হলে বাড়তি মজুরি পরিশোধের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার পর্যাপ্ত সময় পাবেন শিল্পমালিকরা।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় নিয়ে নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ অনতিবিলম্বে ঘোষণার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে সংগঠন দুটি।

সূত্র : বাসস