গ্যাস
উখিয়া গ্যাসক্ষেত্র। সংগৃহীত

কক্সবাজারে উখিয়ার ইনানিতে নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে নির্গত গ্যাসের আগুন ১৭তম দিনেও জ্বলছে। বাপেক্সের পরীক্ষাগারে সংগৃহীত নমুনা পরীক্ষায় এখানে থার্মোজেনিক গ্যাসের নিশ্চিত অস্তিত্ব পাওয়া গেছে, এতে উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে। 

Advertisement

বিশেষজ্ঞরা গ্যাসের চাপ ও স্বভাব বোঝার জন্য প্রাথমিকভাবে ১৫ দিন আগুনটি প্রাকৃতিকভাবে জ্বলতে দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই ১৫ দিন পূর্ণ হওয়ায় বাপেক্সের উচ্চপর্যায়ের টিম পরবর্তী চূড়ান্ত পদক্ষেপ বা রিলিফ কূপ খননের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

বাপেক্সের ল্যাব টেস্টের প্রাথমিক ফলাফলে নিশ্চিত হওয়া গেছে যে, এটি কোনো পকেট গ্যাস নয়, বরং মাটির গভীরের আসল বাণিজ্যিক গ্যাস বা  ‘থার্মোজেনিক গ্যাস’। এর ফলে ইনানী বাংলাদেশের ৩১তম গ্যাসক্ষেত্র হওয়ার পথে বড় সম্ভাবনা তৈরি করেছে।

এলাকাটিতে এখনো জননিরাপত্তার স্বার্থে প্রশাসনের জারি করা ১৪৪ ধারা ও কঠোর নিরাপত্তা বলয় বলবৎ রয়েছে। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী গ্যাসটিকে সরাসরি চেপে না দিয়ে মুক্তভাবে জ্বলতে দেয়া হচ্ছে, যেন ভূগর্ভস্থ অতিরিক্ত চাপের কারণে অন্য কোথাও ফাটল দিয়ে বড় কোনো দুর্ঘটনা না ঘটে।

বাপেক্স ও পেট্রোবাংলার কারিগরি টিম সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আশপাশের এলাকায় ভূগর্ভস্থ গ্যাসের সঠিক মজুদ ও বাণিজ্যিক উপযোগিতা যাচাই করতে খুব শীঘ্রই বিস্তারিত ভূতাত্ত্বিক ও ২ডি সিসমিক জরিপ শুরু করার প্রস্তুতি নিচ্ছে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার বলেছেন, ‘১১ নভেম্বর সকাল ১১টার দিকে বিকট শব্দ শুনা যায়। এরপর ঘটনাস্থলের আগুনের তীব্রতা একটু কমেছে এবং আগের তুলনায় আগুনের স্থান সামান্য সরে গেছে। আমরা যতটুকু শুনেছি, হয়তো সপ্তাহখানেকের মধ্যে বাপেক্স আর পেট্রোবাংলার ৩০ জনের একটা ট্যাকনিকাল এক্সপার্ট টিম আসবে। তাদের ক্রেন আর পাইপের মতো লজিস্টিক সাপোর্ট লাগতে পারে এ বিষয়ে উপজেলা প্রশাসন সার্বিক সহযোগিতা করছে। প্রায় ১৪০ গজ বেড়া এখনো বাকি আছে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ঝুঁকি থেকেই যাবে। তাই ১৪৪ ধারা এখনো বলবৎ রয়েছে।’