মেড ইন বাংলাদেশ এক্সপো
সাও পাওলোতে দ্বিতীয় ‘মেড ইন বাংলাদেশ এক্সপো’। নয়া দিগন্ত

ব্রাজিলের সাও পাওলোতে দ্বিতীয়বারের মতো ‘মেড ইন বাংলাদেশ এক্সপো ২০২৭’ আয়োজনের ঘোষণা দিয়েছে ব্রাজিল-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই)। আগামী ২২-২৫ মার্চ ২০২৭ তারিখে সাও পাওলোর প্রো ম্যাগনো সেন্ট্রো ডি ইভেন্টোসে চার দিনব্যাপী এই আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

Advertisement

সোমবার (৯ নভেম্বর) রাজধানীর বারিধারায় হোটেল অ্যাসকট প্যালেসে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এই ঘোষণা দেয়া হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডিয়াস ফেরেস। স্বাগত বক্তব্য দেন বিবিসিসিআই-এর পরিচালক আফাফ মুস্তাহিল হক। মূল প্রবন্ধ ও উপস্থাপনা দেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মো: জয়নাল আবেদিন। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন হেলাল উদ্দিন আহমেদ এবং সমাপনী ধন্যবাদ জ্ঞাপন করেন রেজাউল আলম মিরু।

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য এখন ৩ বিলিয়ন ডলারের বেশি। বাংলাদেশ ব্রাজিল থেকে প্রায় ২.৭ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে। এর মধ্যে রয়েছে সয়াবিন তেল, চিনি, কফি ও তুলা। অন্যদিকে বাংলাদেশ ব্রাজিলে রফতানি করে ২৮১ মিলিয়ন ডলারের পণ্য, যার বড় অংশই তৈরি পোশাক। শুধু ২০২৫ সালেই ব্রাজিলে বাংলাদেশের রফতানি বেড়েছে ২৬ শতাংশ।

বিবিসিসিআই-এর পক্ষ থেকে বলা হয়, এটা একদিকের ব্যবসা নয়। বাংলাদেশ থেকে যাবে পোশাক, চামড়াজাত পণ্য, ওষুধ, পাট পণ্য ও লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য। আর ব্রাজিল থেকে আসবে চিনি, সয়াবিন তেল, তুলা ও কফি। এই পারস্পরিক বাণিজ্যই দুই দেশের অংশীদারত্বকে শক্তিশালী করবে।

অনুষ্ঠানে নতুন দুটি বড় সুযোগের কথা তুলে ধরা হয়। ইতোমধ্যে ৬টি বাংলাদেশী ওষুধ কোম্পানি ব্রাজিলে রেজিস্ট্রেশন পেয়েছে এবং খুব শিগগিরই রফতানি শুরু হবে। এছাড়া ব্রাজিলের একটি প্রতিনিধি দল সম্প্রতি বাংলাদেশ সফর করে অয়েল ট্যাংকার, বার্জ ও জাহাজ কেনার বিষয়ে খোঁজ নিয়েছে।

বিবিসিসিআই নেতারা বলেন, বাজার বহুমুখীকরণের এই সময়ে দক্ষিণ আমেরিকা হতে পারে বাংলাদেশের অন্যতম গন্তব্য। ব্রাজিল দক্ষিণ আমেরিকায় বাংলাদেশী পণ্যের সবচেয়ে বড় আমদানিকারক। দ্বিতীয় স্থানে রয়েছে প্যারাগুয়ে। আর্জেন্টিনার সাথেও বাংলাদেশের বাণিজ্য দুই দিকেই বাড়ছে।

প্রধান অতিথির বক্তব্যে ব্রাজিলের রাষ্ট্রদূত বলেন, গত বছর যখন এই উদ্যোগ শুরু হয়, তখন তার সন্দেহ ছিল। কিন্তু সাও পাওলোতে প্রথম এক্সপো বিশাল সফল হয়েছিল। তিনি বলেন, ব্রাজিল ও বাংলাদেশ দীর্ঘদিন ধরে বন্ধু। কিন্তু দুই দেশ এখনো একে অপরকে খুব ভালোভাবে চেনে না। এই সেতুবন্ধন আমাদের তৈরি করতে হবে।

তিনি বলেন, মানুষ মনে করে ব্রাজিল মানেই ফুটবল, সুন্দর সমুদ্র সৈকত আর কৃষি। এগুলো সবই সত্য। কিন্তু ব্রাজিলের শক্তিশালী শিল্প খাত, উচ্চ প্রযুক্তি ও গবেষণা কমিউনিটি রয়েছে। ব্রাজিলে ম্যানুফ্যাকচারিং সেক্টর জিডিপির প্রায় ২৫ শতাংশ।

ব্যবসায়ীদের উদ্দেশে রাষ্ট্রদূত বলেন, প্রাইভেট সেক্টর যদি অ্যাকশন না নেয়, তাহলে কিছুই হবে না। গিয়ে একজন পার্টনার খুঁজুন। কারণ আপনার যদি একজন পার্টনার থাকে, সে আপনার স্বার্থের জন্য লড়বে। তিনি আরো বলেন, সরকার আসে আর যায়, কিন্তু দেশটা থেকে যায়।

এবারের এক্সপোতে বাংলাদেশের উৎপাদনকারী, রফতানিকারক ও উদ্যোক্তাদের সাথে ব্রাজিলের আমদানিকারক, পাইকারি ক্রেতা, বিনিয়োগকারী ও বিভিন্ন পেশাজীবীদের সরাসরি যোগাযোগ হবে। বিশেষ গুরুত্ব দেয়া হবে সরাসরি ব্যবসায়িক বৈঠক (বি-টু-বি ম্যাচমেকিং), ক্রেতা-বিক্রেতা সংযোগ, পণ্য সোর্সিং, পরিবেশক নিয়োগ ও বিনিয়োগ সম্ভাবনার ওপর।

প্রথম এক্সপোতে ৪০টি কোম্পানি অংশ নিয়েছিল, যার মধ্যে ২৫টি রফতানিকারক ও ১৫টি আমদানিকারক। এবার প্রায় ৫০টি বাংলাদেশী কোম্পানি অংশ নেবে বলে আশা করছে বিবিসিসিআই।

বিবিসিসিআই জানিয়েছে, এক্সপোতে অংশগ্রহণের নিবন্ধন শুরু হয়েছে। আর্লি বার্ড নিবন্ধন চলবে ৯ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। নিয়মিত নিবন্ধন চলবে ৯ ডিসেম্বর ২০২৬ থেকে ৮ জানুয়ারি ২০২৭ পর্যন্ত। নিবন্ধন ও অন্যান্য কার্যক্রমে সহযোগিতা করছে ভেনচুরা গ্লোবাল এবং সার্ক ট্রেডিং অ্যান্ড ইভেন্টস।

আয়োজকরা বলেন, এই এক্সপো ব্রাজিল ও বৃহত্তর লাতিন আমেরিকার বাজারে বাংলাদেশের বাণিজ্যিক উপস্থিতি আরও সম্প্রসারণ করবে এবং নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি করবে।