টেক্সটাইল, অ্যাপারেল, মেলা
বাংলাদেশ প্যাভিলিয়নের আনুষ্ঠানিক উদ্বোধন। বাসস

কানাডার অন্টারিও প্রদেশের মিসিসাগায় শুরু হয়েছে তিন দিনব্যাপী অ্যাপারেল টেক্সটাইল সোর্সিং কানাডা (এটিএসসি) ২০২৬।

আন্তর্জাতিক অ্যাপারেল ও টেক্সটাইল খাতের এ বাণিজ্য প্রদর্শনীতে বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহায়তায় বাংলাদেশের ১৩টি স্বনামধন্য তৈরি পোশাক ও টেক্সটাইল প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

বাংলাদেশ প্যাভিলিয়নের আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশন অটোয়ার প্রথম সচিব (বাণিজ্যিক) সাখাওয়াত হোসেনসহ বিভিন্ন দেশের দূতাবাসের কর্মকর্তা ও বাণিজ্য প্রতিনিধিরা।

বাংলাদেশ প্যাভিলিয়নে দেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের বিভিন্ন পণ্য প্রদর্শনের পাশাপাশি রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাংলাদেশ হাইকমিশন অটোয়ার যৌথ উদ্যোগে স্থাপিত পৃথক বুথে বাংলাদেশের বিভিন্ন রফতানিযোগ্য পণ্যের প্রচারমূলক ব্রশিওর ও তথ্যসামগ্রী প্রদর্শন করা হচ্ছে। এর মাধ্যমে কানাডার আমদানিকারক, ক্রেতা ও ব্যবসায়ী প্রতিনিধিদের কাছে বাংলাদেশের রফতানি সক্ষমতা এবং বহুমুখী রফতানি পণ্যের সম্ভাবনা তুলে ধরা হচ্ছে।

এবারের আন্তর্জাতিক প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের ১২টি দেশ থেকে প্রায় ১০ হাজার বাণিজ্য দর্শনার্থী ও ক্রেতা অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। ১০০টিরও বেশি বুথে প্রায় ২৫০টি আন্তর্জাতিক কোম্পানি তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে।

এবারের ‘এটিএসসি ২০২৬’-এর অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে অ্যাপারেল ও টেক্সটাইল শিল্পে সর্বাধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী পণ্য এবং টেকসই উপকরণের ব্যবহার।

মেলায় অংশগ্রহণকারী বাংলাদেশের ১৩টি প্রতিষ্ঠান হলো—ডিকে গ্লোবাল ফ্যাশন ওয়্যার লিমিটেড, গ্যাটসবি গ্রুপ, আন টেক্স বিডি লিমিটেড, নিট ফেয়ার লিমিটেড, ফিয়াট ফ্যাশন লিমিটেড, ওয়ার্পটেক্স বাংলাদেশ, ডুকাটি অ্যাপারেলস লিমিটেড, আশরাফ-উল সোয়েটার (প্রাইভেট) লিমিটেড, এনআরএন নিটিং অ্যান্ড গার্মেন্টস লিমিটেড, জিরো ইয়ার্ডস ইন্টারন্যাশনাল লিমিটেড, এলিট গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এসআই কম্পোজিট লিমিটেড ও আমানাহ অ্যাপারেলস।

এটিএসসি ২০২৬-এ বাংলাদেশের অংশগ্রহণ কানাডার বাজারে বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল পণ্যের পরিচিতি ও বাজার সম্প্রসারণ, নতুন ক্রেতা ও আমদানিকারকদের সাথে ব্যবসায়িক সংযোগ স্থাপন এবং বাংলাদেশ-কানাডা দ্বিপক্ষীয় বাণিজ্য আরো সম্প্রসারণ ও বহুমুখীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

সূত্র : বাসস