উত্তরা ইউনিভার্সিটিতে বার্ষিক গবেষণা ও প্রকাশনা পুরস্কার প্রদান

বিশ্ববিদ্যালয়ে গবেষণা, উদ্ভাবন ও আন্তর্জাতিক মানের একাডেমিক প্রকাশনার সংস্কৃতি জোরদারে উত্তরা ইউনিভার্সিটিতে ‘বার্ষিক গবেষণা ও প্রকাশনা পুরস্কার ২০২৬’ প্রদান করা হয়েছে। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের মাল্টিপারপাস হলে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ট্রেনিং (সিআরটি) এই অনুষ্ঠানের আয়োজন করে।
২০২৫ সালে মর্যাদাপূর্ণ ‘ওয়েব অব সায়েন্স’ ও ‘স্কোপাস’-এ সূচিবদ্ধ গবেষণাপত্র প্রকাশের স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয়ের ৮২ জন শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীকে নগদ অর্থ ও সম্মাননা সনদ দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা। সিআরটি পরিচালক প্রফেসর ড. মো: সুলতানুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন আইসিসিডিআর বি’র জ্যেষ্ঠ বিজ্ঞানী ড. ফিরদৌসী কাদরী এবং মানবসম্পদ উপদেষ্টা ড. মো: মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে ২০২৫ সালের সাফল্যের জন্য তিন ক্যাটাগরিতে বিশেষ পুরস্কার প্রদান করা হয়- বেস্ট হাই ইমপ্যাক্ট পাবলিকেশন অ্যাওয়ার্ড : নূর আহাম্মদ; মোস্ট পাবলিশড পেপার অ্যাওয়ার্ড : ড. মো: শফিউল আলম চৌধুরী; বেস্ট আর্লি ক্যারিয়ার রিসার্চার অ্যাওয়ার্ড : মো: হানিফ মুন্স।
ভিসি তার বক্তব্যে জানান, গবেষণা সহযোগিতা বাড়াতে বিশ্ববিদ্যালয় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নেটওয়ার্ক সম্প্রসারণ করছে এবং এ খাতে ভবিষ্যতে বড় অঙ্কের বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। বিশেষ অতিথি ড. ফিরদৌসী কাদরী জনস্বাস্থ্য ও জীববিজ্ঞানে নারীদের আরো বেশি অর্থবহ গবেষণায় এগিয়ে আসার আহ্বান জানান। সিআরটির সহযোগী পরিচালক ড. সালেহ আহমদ জানান, পূর্ববর্তী বছরের তুলনায় বিশ্ববিদ্যালয়ে স্কোপাস সূচিবদ্ধ গবেষণার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এতে প্রায় ৩০০ জন শিক্ষক উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।