এনবিআর
এনবিআর ছবি: সংগৃহীত
নবায়নযোগ্য জ্বালানি বিশেষ করে সৌরবিদ্যুৎ উৎপাদন সম্প্রসারণে সৌর বিদ্যুৎ সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে শুল্ক-কর সুবিধা আরো বৃদ্ধি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সুবিধার ফলে এসব উপকরণ আমদানিতে মোট করভার ১৭ শতাংশ থেকে কমে এক শতাংশে নেমে এসেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈশ্বিক জ্বালানি সঙ্কট ও বিদ্যুৎ ঘাটতির প্রেক্ষাপটে সৌর বিদ্যুৎ উৎপাদন দ্রুত সম্প্রসারণের লক্ষ্যে এ সুবিধা দেয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে নবায়নযোগ্য ও টেকসই জ্বালানির অন্যতম গুরুত্বপূর্ণ উৎস সৌরবিদ্যুৎ খাতের প্রয়োজনীয় উপকরণ আমদানিতে আমদানি শুল্ক, রেগুলেটরি শুল্ক ও আগাম কর থেকে অব্যাহতি দেয়া হয়েছিল। ওই সুবিধার ফলে এসব পণ্য আমদানিতে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) ও ২ শতাংশ অগ্রিম আয়করসহ মোট ১৭ শতাংশ করভার প্রযোজ্য ছিল। এনবিআর জানায়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী সৌরবিদ্যুৎ সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে এক শতাংশের অতিরিক্ত কাস্টমস ডিউটি এবং রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর, আগাম কর ও অগ্রিম আয়কর থেকে অব্যাহতি দেয়া হয়েছে। ফলে এসব পণ্য আমদানিতে এখন মোট করভার হবে এক শতাংশ। এ সুবিধা প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ১৮০ দিন পর্যন্ত কার্যকর থাকবে। এনবিআর আরো জানায়, এর আগে বাণিজ্যিক আমদানিকারকদের ক্ষেত্রে সৌরবিদ্যুৎ সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে এ সুবিধা প্রযোজ্য ছিল না। বর্তমানে শর্তসাপেক্ষে বাণিজ্যিক আমদানিকারকরাও এ সুবিধা পাবেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এ সুবিধার ফলে সৌরবিদ্যুৎ প্রকল্পের ব্যয় কমবে, নতুন বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা দ্রুত বৃদ্ধি পাবে এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমবে। পাশাপাশি দেশের জ্বালানি নিরাপত্তা ও টেকসই অর্থনৈতিক উন্নয়ন আরো শক্তিশালী হবে। সূত্র : বাসস