
সিলেটে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১ ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে এ বছর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১০৩ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৪ জন।
সোমবার (১৬ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১১ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল হাসপাতালে ছয়, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে এক, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই, হবিগঞ্জ সদর হাসপাতালে এক ও মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন রয়েছেন।
বর্তমানে হাসপাতালে ভর্তি ৪৪ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৬, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে তিন, নর্থ ইস্ট মেডিক্যালে এক, হবিগঞ্জ সদর হাসপাতালে চার, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক, সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঁচ, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ ও শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের হিসেব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ নভেম্বর পর্যন্ত বিভাগে শনাক্ত ১১০৩ জনের মধ্যে হবিগঞ্জে ৪৪১, সুনামগঞ্জে ২৫৭, সিলেটে ২৭৮ ও মৌলভীবাজারে ৯৩ জন রয়েছেন। এছাড়া অন্য জেলা থেকে এসে সিলেট বিভাগে চিকিৎসা নিতে গিয়ে আরো ৩৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
চলতি বছর সিলেট বিভাগে এ পর্যন্ত ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হয়েছে। আগের ২৪ ঘণ্টায় সিলেটে ডেঙ্গুতে কারো মৃত্যু না হলেও ১৩ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








