
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সাংবাদিক, রিপোর্টার্স ও গণমাধ্যমকর্মীদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়ার উদ্যোগ নিয়েছে আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতাল।
আগামী ১৪ নভেম্বর (শনিবার) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রতিষ্ঠানটির মিরপুর-১০-এ অবস্থিত প্রধান শাখা এবং মিরপুর-৬-এর আলোক জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এ বিশেষ মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হবে।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো: লোকমান হোসেন স্বাক্ষরিত এক আমন্ত্রণপত্রে এ তথ্য জানানো হয়েছে।
আমন্ত্রণপত্রে বলা হয়, কর্মসূচির আওতায় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, কমপ্লিট ব্লাড কাউন্ট (সিবিসি), এফবিএস/আরবিএস, এইচবিএ১সি, সিরাম ক্রিয়েটিনিন ও ইউরিন আর/এম/ই পরীক্ষা বিনামূল্যে করাতে পারবেন। এ ছাড়া প্রযোজ্য ক্ষেত্রে ওষুধ দেয়া হবে এবং নির্ধারিত সময়ে রিপোর্ট রিভিউয়ের ব্যবস্থাও থাকবে।
এ ছাড়া প্রয়োজন অনুযায়ী অন্যান্য পরীক্ষায় সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দেয়া হবে বলে জানানো হয়েছে।
আমন্ত্রণপত্রে আরো বলা হয়, এসব সুবিধা শুধু সাংবাদিক, রিপোর্টার্স ও গণমাধ্যমকর্মীদের জন্য সংরক্ষিত। চিকিৎসাসেবা নিতে সংশ্লিষ্টদের পেশাগত পরিচয়পত্র অথবা কর্তৃপক্ষের অনুমোদনপত্র সাথে আনতে হবে।
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, রোগের প্রাথমিক শনাক্তকরণ এবং সচেতন জীবনযাপনে উৎসাহিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








