হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্ত রোগী
হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্ত রোগী। সংগৃহীত

দেশে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে নতুন করে দুই হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

Advertisement

সোমবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের হালনাগাদ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬৬ জনে।

অধিদফতর আরো জানিয়েছে, নতুন মৃত্যুর ঘটনাগুলোর মধ্যে ঢাকা বিভাগে তিনজন এবং ময়মনসিংহ ও বরিশাল বিভাগে একজন করে মারা গেছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারাদেশে মোট এক লাখ ৫২ হাজার ১৭৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে এক লাখ ৪৫ হাজার ৫৯৩ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ছয় হাজার ১১৪ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। ইউএনবি