রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিরের কক্ষে ঢুকে তাঁকে মারধর করা হয়
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিরের কক্ষে ঢুকে তাঁকে মারধর করা হয়। সংগৃহীত

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালকের কার্যালয়ে হামলা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে স্বাস্থ্য সেবা বিভাগ।

Advertisement

বুধবার স্বাস্থ্য সেবা বিভাগের জারি করা এক আদেশে এ তদন্ত কমিটি গঠন করা হয়। একই দিন বেলা আনুমানিক ১১টার দিকে আইইডিসিআরের পরিচালকের কার্যালয়ে এ ঘটনা ঘটেছে বলে বিশ্বস্ত সূত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে তদন্তের উদ্যোগ নেয়া হয় বলে আদেশে উল্লেখ করা হয়।

কমিটির আহ্বায়ক করা হয়েছে স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (বাজেট) আরিফ আহমদকে। সদস্য হিসেবে রয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: মো: জাহিদ রায়হান। কমিটির সদস্যসচিব করা হয়েছে স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-১ শাখার উপসচিব ইমতিয়াজ হোসেনকে।

আদেশে বলা হয়েছে, তদন্ত কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করতে হবে। এ সময়ের মধ্যে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন, সুস্পষ্ট পর্যবেক্ষণ, প্রাপ্ত তথ্য-প্রমাণ বিশ্লেষণ, দায়দায়িত্ব নিরূপণ এবং প্রয়োজনীয় সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করতে হবে।

তদন্তের স্বার্থে কমিটি প্রয়োজনে স্বাস্থ্য অধিদপ্তর অথবা এর আওতাধীন প্রতিষ্ঠানের যেকোনো কর্মকর্তাকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবে।