ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল, অসুস্থ, অ্যাম্বুলেন্স
অ্যাম্বুলেন্স ধর্মঘটে সীমাহীন দুর্ভোগ পোহান রোগী ও তাদের স্বজনরা। নয়া দিগন্ত

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চলমান বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট আগামী সাত দিনের জন্য স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমবায় সমিতির কর্মকর্তারা।

Advertisement

বুধবার সন্ধ্যার পর সংগঠনের সেন্ট্রাল কমিটির সাধারণ সম্পাদক বাদল মাতবর সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে এই পরিস্থিতি নিরসনে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেনের সাথে মালিক সমিতির নেতৃবৃন্দের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আলোচনার পর সমিতির সদস্যরা নিজেদের মধ্যে বৈঠক করে ধর্মঘট স্থগিতের এই সিদ্ধান্ত নেন।

বাংলাদেশ বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক বাদল মাতবর বলেন, ‘দূর-দূরান্ত থেকে আসা রোগী ও তাদের স্বজনদের চরম ভোগান্তির কথা চিন্তা করে আমরা মানবিক কারণে এই সিদ্ধান্ত নিয়েছি।’

এদিকে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেন জানান, আগামী সাত দিন হাসপাতালের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে এবং এরপর পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। 

তিনি জোর দিয়ে বলেন, হাসপাতাল হচ্ছে রোগীদের মূল সেবাকেন্দ্র। এখানে চিকিৎসাসেবায় কোনো ধরনের ব্যাঘাত ঘটুক, তা কর্তৃপক্ষ কোনোভাবেই চায় না।

উল্লেখ্য, ঢামেক হাসপাতাল চত্বরে অ্যাম্বুলেন্সের স্থায়ী পার্কিংয়ের দাবির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিকেল থেকে আকস্মিক এই ধর্মঘটের ডাক দিয়েছিল মালিক সমিতি। ধর্মঘট স্থগিতের এই সিদ্ধান্তের ফলে আপাতত ঢামেক হাসপাতালে বেসরকারি অ্যাম্বুলেন্স চলাচল এবং জরুরি রোগী স্থানান্তর প্রক্রিয়া স্বাভাবিক হচ্ছে।