এভারকেয়ার হসপিটাল
ঢাকার এভারকেয়ার হসপিটালে ‘রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি’ বিষয়ক ৩য় আন্তর্জাতিক সম্মেলন শুরু। নয়া দিগন্ত

শিশুদের অ্যাকিউট কিডনি ইনজুরির (একেআই) ফলে রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি বিষয়ক ৩য় আন্তর্জাতিক সম্মেলন ‘পিডিকিডস ২০২৬’ শুরু হয়েছে। 

Advertisement

শনিবার (২৪ অক্টোবর) ইন্টারন্যাশনাল পেডিয়াট্রিক নেফ্রোলজি অ্যাসোসিয়েশন (আইপিএনএ) এবং ইন্টারন্যাশনাল সোসাইটি অব নেফ্রোলজি (আইএসএন) অনুমোদিত দুই দিনব্যাপী (২৪-২৫ অক্টোবর) এই সম্মেলনের আয়োজন করেছে এভারকেয়ার হাসপাতাল ঢাকার পেডিয়াট্রিক নেফ্রোলজি বিভাগ।

বাংলাদেশে শিশুদের একেআই একটি মারাত্মক স্বাস্থ্য জটিলতা হলেও এর গুরুত্ব যথাযথভাবে তুলে ধরা হয় না। ডায়রিয়া, সেপসিস (রক্তে সংক্রমণজনিত জটিলতা), নিউমোনিয়া, কিডনির জন্মগত ত্রুটি, কিডনির জন্য ক্ষতিকর (নেফ্রোটক্সিক) ওষুধের ব্যবহার ইত্যাদি কারণে মূলত শিশুদের একেআই হতে পারে। দ্রুত শনাক্ত ও সময়মতো চিকিৎসা না হলে কিডনির দীর্ঘমেয়াদি ক্ষতি, ক্রনিক কিডনি রোগ, এমনকি মৃত্যুর ঝুঁকিও বাড়তে পারে।

রোগ নির্ণয় না হলে বা দেরিতে হলে স্বাস্থ্যঝুঁকিও দিন দিন বৃদ্ধি পেতে থাকে। অথচ বেশিরভাগ ক্ষেত্রেই এটি প্রতিরোধযোগ্য। শিশুর শরীরে পর্যাপ্ত পানি বা তরল সরবরাহ নিশ্চিত করা, সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা, কিডনির জন্য ক্ষতিকর ওষুধ এড়িয়ে চলা এবং ঝুঁকিতে থাকা শিশুদের কিডনির কার্যক্ষমতা নিয়মিত পর্যবেক্ষণ করা ইত্যাদি মেনে চললে ঝুঁকি অনেক কমে আসে।

এই বাস্তবতায় পিডিকিডস ২০২৬-এর মূল লক্ষ্য বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় শিশুদের একেআই সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, দ্রুত রোগ নির্ণয় ও সময়মতো চিকিৎসা গ্রহণে উদ্বুদ্ধ করা। সম্মেলনে বিশ্বের শীর্ষস্থানীয় পেডিয়াট্রিক নেফ্রোলজিস্ট (শিশু কিডনি রোগ বিশেষজ্ঞ), ইনটেনসিভিস্টসহ সংশ্লিষ্ট মেডিক্যাল প্রফেশনালরা অংশ নেবেন। 

সেসময় একেআই-এর প্রাথমিক শনাক্তকরণ, প্রতিরোধমূলক ব্যবস্থা এবং রেনাল রিপ্লেসমেন্ট থেরাপির সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা করা হবে। এছাড়া, দেশী-বিদেশী বিশিষ্ট বিশেষজ্ঞদের বক্তৃতা, কী-নোট সেশন, প্যানেল আলোচনাসহ কর্মশালার আয়োজন থাকবে, যেখানে প্রতিরোধমূলক ব্যবস্থা ও সময়মতো রোগ নির্ণয়ের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হবে।

আন্তর্জাতিক বক্তাদের মধ্যে অংশ নেবেন সিঙ্গাপুর থেকে প্রফেসর ইয়াপ হুই কিম; ডা: নং কার হুই; ডা: নিও ইওক লিন; ভারত থেকে প্রফেসর অরবিন্দ বাগ্গা; প্রফেসর রাজীব সিনহা; যুক্তরাষ্ট্র থেকে প্রফেসর রূপেশ রায়না; নিউজিল্যান্ড থেকে ডা: জিন কোহ; এবং মালয়েশিয়া থেকে ডা: ক্যারোলিন ইং। 

সম্মেলনে চেয়ারপারসন হিসেবে দায়িত্বে থাকছেন এভারকেয়ার হসপিটালস, বাংলাদেশের গ্রুপ মেডিক্যাল ডিরেক্টর ডা: আরিফ মাহমুদ; কো-চেয়ারপারসন হিসেবে থাকছেন এভারকেয়ার হসপিটাল ঢাকার পেডিয়াট্রিক নেফ্রোলজি ও পেডিয়াট্রিকস বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা: সাবিনা সুলতানা; এবং কোর্স ডিরেক্টর হিসেবে থাকছেন পেডিয়াট্রিক নেফ্রোলজি ও পেডিয়াট্রিকস বিভাগের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডা: আজমেরী সুলতানা।