ডেঙ্গু রোগী
রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীরা চিকিৎসা নিচ্ছেন। ইউএনবি ফাইল ছবি

দেশে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ২ হাজার ১৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৫ জনে।

অধিদফতর আরো জানিয়েছে, নতুন মৃত্যুর ঘটনাগুলোর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন মারা গেছে। এছাড়া সিটি করপোরেশনের বাইরের এলাকার মধ্যে বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগে একজন করে এবং খুলনা বিভাগে দুজনের মৃত্যু হয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারা দেশে মোট ৭৩ হাজার ৬৯৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে ৬৮ হাজার ৬ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

সূত্র : ইউএনবি