ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগী
ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগী। সংগৃহীত

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরো আটজনের মৃত্যু হয়েছে, যা আগের নিয়মিত প্রতিবেদনের চেয়ে পাঁচজন বেশি। একই সময়ে সারাদেশে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো এক হাজার ৪৩২ জন ডেঙ্গু রোগী। 

Advertisement

শনিবার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংশোধিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে, দুপুরে ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যুর কথা জানানো হয়েছিল। তবে পরবর্তী সময়ে সন্ধ্যায় সংশোধিত প্রতিবেদন প্রকাশ করে নতুন করে আরো পাঁচজনের মৃত্যুর তথ্য জানায় অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এই মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৯ জনে। নতুন করে মারা যাওয়া আটজনের মধ্যে সর্বোচ্চ পাঁচজন মারা গেছেন খুলনা বিভাগে। এছাড়া ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দু’জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় একজনের মৃত্যু হয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারাদেশে মোট ৭১ হাজার ৫৩৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থা থেকে সুস্থ হয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছেন ৬৬ হাজার ২৫১ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে), যার সংখ্যা ২৮০ জন। এছাড়া খুলনা বিভাগে ২৪১ জন, চট্টগ্রাম বিভাগে ২০৯ জন, বরিশাল বিভাগে ২০৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭০ জন, ময়মনসিংহ বিভাগে ১১২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০৬ জন, রাজশাহী বিভাগে ৫৭ জন এবং রংপুর বিভাগে ৫৩ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ইউএনবি