হাম, মৃত্যু, হাসপাতাল
হামে আক্রান্ত শিশু ইউএনবি

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে। নতুন করে এক হাজার ২০ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।

আজ শনিবার স্বাস্থ্য অধিদফতরের হাম-বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ৫৩ জন। এর মধ্যে নিশ্চিত হামে ১০১ জন ও হামের উপসর্গ নিয়ে ৯৫২ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদফরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম শনাক্ত হয়েছে এক লাখ ৭৮ হাজার ৬৬৬ জনের। সেই সাথে এই সময়ে মোট ২০ হাজার ৪৭৪ জনের হাম শনাক্ত হয়েছে।

এছাড়াও চলতি বছর এ পর্যন্ত সারাদেশের হাসপাতালে মোট এক লাখ ৫৭ হাজার ৫৫৬ জন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। এর মধ্যে এক লাখ ৫১ হাজার ৩৯৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।