ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু এক দিনে ভর্তি ১৫৯৩

 নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দেশের ৬ বিভাগে সাতজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত সোমবার সকাল ৮টার পর থেকে গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৫৯৩ জন।  মৃতদের তিনজন পুরুষ এবং চারজন নারী। তাদের মধ্যে খুলনা বিভাগের হাসপাতালে দুইজন, ময়মনসিংহ বিভাগে একজন, বরিশাল বিভাগে একজন, রাজশাহী বিভাগে একজন এবং রংপুর বিভাগে একজনের মৃত্যু হয়েছে। চলতি বছরের গত জানুয়ারি থেকে গতকাল সকাল পর্যন্ত সারা দেশে মোট ১৬৪ জন ডেঙ্গু আক্রান্ত মারা গেছে এবং একই সময়ে সারা দেশে ৫৫ হাজার ১৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। আবার ওই সময়ের মধ্যে ৫০ হাজার ৯৪১ জন রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে।  
গতকাল সকাল ৮টা পর্যন্ত সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছে ঢাকা বিভাগে ৬৮৬ জন। ঢাকায় সারা দেশের মানুষ চিকিৎসা নিতে আসে বলে এখানে রোগীর সংখ্যা বেশি। তবে গতকাল ঢাকার বাইরে খুলনা বিভাগে ২৯০ জন ভর্তি হয়েছিল। এ ছাড়া বরিশাল বিভাগে ১৫৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৫ জন, রাজশাহী বিভাগে ১৩৭ জন, ময়মনসিংহ বিভাগে ৬৫ জন। তবে রংপুর বিভাগে ৬৫ জন এবং সিলেট বিভাগে ৯ জন রোগী ভর্তি হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। ঢাকা বিভাগের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে  ১৩২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের হাসপাতালে ১৭১ জন এবং ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরের ৩৮৩ জন ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছে চিকিৎসার জন্য। 
সারা দেশে ডেঙ্গুতে যে ১৬৪ জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গুতে সেখানে কেবল ঢাকা বিভাগে মৃত্যু হয়েছে ৮০ জনের। এর মধ্যে ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের হাসপাতালে ৫১ জন, ঢাকার উত্তর সিটি করপোরেশনের হাসপাতালে ১৯ জন এবং ঢাকা সিটি করপোরেশনের বাইরে বিভাগের অন্যান্য হাসপাতালে ১০ জনের মৃত্যু হয়েছে। অপর দিকে খুলনা বিভাগে মারা গেছে ২৯ জন, বরিশাল বিভাগে ১৩ জন, ময়মনসিংহ বিভাগে ১৭ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে বিভাগে ১৫ জন, রাজশাহীতে ৭ জন, রংপুর ও সিলেট বিভাগে যথাক্রমে দু’জন ও একজন করে তিনজনের মৃত্যু হয়েছে।
খুলনায় ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু 
খুলনা ব্যুরো জানায়, খুলানা বিভাগে সরকারি হিসাবে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃত্যু হয়েছে তিনজনের। 
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: শেখ মো: মোশাররফ হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ২৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে সরকারি হাসপাতালে ২১৭ জন এবং বেসরকারি হাসপাতালে ৭৩ জন ভর্তি হন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় বিভাগে তিনজনের মৃত্যু হওয়ায় চলতি বছরে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ জনে।