
ফেনী অফিস
২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। সোমবার বিকেলে তিনি হাসপাতাল পরিদর্শন করে হাসপাতালের খোঁজখবর নেন ও সমস্যা নিয়ে কথা বলেন। এ সময় তিনি হাসপাতালের বর্তমান সমস্যা দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘রোগীদের দুঃখ-দুর্দশা লাঘব করার জন্য যা কিছু করা প্রয়োজন তা আমরা করব। অনেকে ৫০০ শয্যা করার কথা বলতেছে, ৫০০ শয্যা নয়, আমাদের প্রধান উদ্দেশ্য এটাকে মেডিক্যাল কলেজে রূপান্তর করা। আমরা সেটাকে সামনে রেখে কাজ করছি। কিন্তু তার আগে এখানে যেসব সমস্যা রয়েছে, যেমন এখানে মেশিনারিজ নেই, ৬০০ ভর্তি রোগীর বিপরীতে জনবল কম। এগুলো একটা পরিসংখ্যান দিতে বলেছি, ওই পরিসংখ্যানের আলোকে আমরা এখানের চার এমপি রয়েছি। আমরা স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা বলে সমাধান করব।’
এ সময় উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম, সিভিল সার্জন ডা: মো: আরিফুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরীন কান্তা ও হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা: মোবারক হোসেন দুলাল। ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আশ্বাস দিয়েছিলেন। এই হাসপাতালকে মেডিক্যাল কলেজ করবেন। উনি বেঁচে থাকলে এটাকে মেডিক্যাল কলেজে উন্নীত করতেন। ইনশাআল্লাহ বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তার মায়ের প্রতি শ্রদ্ধা দেখিয়ে সেই প্রতিশ্রুতি রক্ষা করবেন বলে আমরা আশা করি।’
এ দিকে রোগীদের বিরুদ্ধে হাসপাতাল তত্ত্ব্¡াবধায়ক ডা: মোবারক হোসেন দুলাল কথা বলতে গেলে ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু বলেন, ‘রোগীদের কথা শুনতে হবে। রোগীরা অনেক কথা বলবে, কিন্তু তাদের কথা শুনতে হবে। তাদের কথা শুনতে না পারলে চাকরি ছেড়ে দেন। প্রয়োজনে অন্যরা আসবে। এরপরও রোগীদের সেবা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে রোগীদের সচেতন করবেন।’
এমপি রেহানা আক্তার রানু বলেন, ‘আমরা কোনো বিষয়ে অভিযোগ যেন আর না শুনি। বিশেষ করে জরুরি বিভাগ নিয়ে অভিযোগ বেশি থাকে। আমরা এসব কথা শুনতে চাই না। আমরা চাই রোগীদের সেবা যেন নিশ্চিত করা হয়। আমাদের কোনো করণীয় থাকলে সেখানে অবশ্যই আমাদের কাজে লাগাবেন।







