
প্রায় নয় বছর ধরে নির্বাসিত জীবন কাটছে। গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায় তাদের পক্ষে যাবে বলে আশা করছেন রোহিঙ্গারা। কিন্তু সেই রায় কি তাদের ঘরে ফেরার পথ খুলে দেবে?
২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর দমন-পীড়ন শুরু হলে প্রাণ বাঁচাতে স্ত্রী আলিনেসাকে সাথে নিয়ে পালিয়েছিলেন দিল হোসেন। কোলে ছিল সদ্যোজাত মেয়ে ইশারা। পেছনে ফেলে এসেছিলেন জন্মভূমি, ঘরবাড়ি আর স্বজনদের। পালানোর সময় প্রাণে বাঁচতে পারেননি দিলের বৃদ্ধ বাবা-মা। পরিবারের আরো কয়েকজন সদস্যের সাথে তাদেরও হত্যা করা হয়।
‘কাদামাটি, পাহাড় আর পানির মধ্য দিয়ে আমরা প্রাণ বাঁচাতে ছুটছিলাম। নবজাতক বাচ্চাটিকে শরীরের সাথে বেঁধে রেখেছিলাম,’ সেই ভয়াল দিনের কথা মনে করে বলেন আলিনেসা।
প্রায় নয় বছর পেরিয়ে গেছে। ইশারা এখন বড় হচ্ছে বাংলাদেশের কক্সবাজারের একটি রোহিঙ্গা শিবিরে। যে গ্রামে তার জন্ম, সেখান থেকে অনেক দূরে। জীবনের প্রায় পুরোটাই কেটেছে নির্বাসনে। মা-বাবার সাথে তাকেও বেঁচে থাকতে হচ্ছে মানবিক সহায়তার ওপর নির্ভর করে। অথচ গত কয়েক বছরে সেই সহায়তার পরিমাণও উল্লেখযোগ্যভাবে কমেছে। তবু দেশে ফেরার আশায় দিন গুনছে পরিবারটি।
মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর চালানো নৃশংসতার স্বীকৃতি মিলবে—এমন প্রত্যাশা এখন তাদের। জাতিসঙ্ঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) বৃহস্পতিবার গাম্বিয়ার দায়ের করা গণহত্যার মামলায় রায় দিতে যাচ্ছে। এই রায়ের দিকে তাকিয়ে আছেন বাংলাদেশে আশ্রয় নেয়া ১২ লাখের বেশি রোহিঙ্গা। তাদের বড় অংশই কক্সবাজারের বিভিন্ন শিবিরে বসবাস করছে।
আল জাজিরা জানায়, ২০১৯ সালের ১১ নভেম্বর গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি করে। ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগ আনা হয় দেশটির বিরুদ্ধে। গাম্বিয়ার অভিযোগ, মিয়ানমারের সেনাবাহিনী ও অন্যান্য নিরাপত্তা বাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে যে অপরাধ চালিয়েছে, তা গণহত্যা সনদের পরিপন্থী।
মামলার অভিযোগে ২০১৬ সালে শুরু হওয়া এবং ২০১৭ সালের আগস্টে আরো ব্যাপক আকার নেয়া ‘নির্মূল অভিযান’-এর কথা তুলে ধরা হয়েছে। গাম্বিয়ার দাবি, রোহিঙ্গাদের পুরোপুরি বা আংশিকভাবে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যেই এসব অভিযান চালানো হয়েছিল। গণহত্যা সনদের আওতায় মিয়ানমার রাষ্ট্র হিসেবে এসব অপরাধের দায় বহন করে কি না, আদালতের কাছে সেই সিদ্ধান্ত চেয়েছে গাম্বিয়া।
দিল হোসেনের বিশ্বাস, আদালত সত্যকে স্বীকৃতি দেবে। তিনি বলেন, ‘আদালত সত্য খুঁজে বের করবে। আমরা নির্যাতন সহ্য করেছি, তাই জানি কী ঘটেছে।’
রোহিঙ্গাদের অনেকেই মনে করছেন, তাদের পক্ষে রায় এলে দীর্ঘদিনের ভোগান্তির আন্তর্জাতিক স্বীকৃতি মিলবে। দেশে ফেরার দাবিও জোরালো হবে। তবে আদালতের ঐতিহাসিক রায় হলেও তাতে রাতারাতি বদলে যাবে না তাদের জীবন। মিয়ানমারে এখনো গৃহযুদ্ধ চলছে। রোহিঙ্গাদের বিরুদ্ধে অপরাধে জড়িত সেই সেনাবাহিনীই ক্ষমতায় রয়েছে। ফলে নিরাপদে দেশে ফেরার সম্ভাবনা এখনো অনেক দূরের বিষয়।
'নির্বাসনে প্রতিদিনের জীবন যেন ‘২৪ ঘণ্টার বিষণ্নতা’
বাংলাদেশে প্রায় নয় বছরের শরণার্থী জীবন রোহিঙ্গাদের জন্য তৈরি করেছে নতুন ধরনের দুর্ভোগ। মানবিক সহায়তার ওপর নির্ভরশীলতা, অনিশ্চিত ভবিষ্যৎ আর ফেলে আসা বাড়িঘরের স্মৃতি—সব মিলিয়ে তাদের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ।
কক্সবাজারের শিবিরে বিভিন্ন মানবিক সহায়তা সংস্থার সাথে কাজ করেন ২৫ বছর বয়সী নুরুল আমিন। মিয়ানমারে ফেলে আসা জীবনের সাথে বর্তমান অবস্থার তুলনা করতে গিয়ে তিনি বলেন, ‘দেশে আমাদের বাড়িঘর ছিল, বড় বড় গাছ, বাগান আর চাষের জমি ছিল। নিজেদের খাবার নিজেরাই ফলাতাম। কারো ওপর নির্ভর করতে হতো না। আমরা স্বনির্ভর ছিলাম। এখানে প্রায় সবকিছুর জন্যই অন্যের ওপর নির্ভর করতে হয়। দুই জীবনের পার্থক্য যেন আসমান-জমিন।’
দীর্ঘদিনের এই বাস্তুচ্যুতি তার মানসিক স্বাস্থ্যের ওপরও গভীর প্রভাব ফেলেছে। নুরুল আমিনের কথায়, ‘এটা ২৪ ঘণ্টার বিষণ্নতা। মনে হয় আমরা আমাদের পৃথিবীটাই হারিয়ে ফেলেছি। মনে হয় গোটা পৃথিবী আমাদের পরিত্যাগ করেছে।’
মোহাম্মদ রেহানের বয়স এখন ১৮ বছর। সেনা অভিযান শুরুর সময় সে ছিল শিশু। কিন্তু সেই সময়ের কিছু ভয়াবহ দৃশ্য এখনো তার মনে গেঁথে আছে। বিশেষ করে বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়ার স্মৃতি।
রেহান বলেন, ‘সবচেয়ে ভয়ংকর ছিল বাড়িঘর পুড়িয়ে দেয়ার দৃশ্য। এতে আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। তখন আমি খুব ছোট ছিলাম। সেই দৃশ্যগুলো আমাকে মানসিকভাবে বিপর্যস্ত করে দিয়েছে।’
রোহিঙ্গাদের দুর্ভোগের স্বীকৃতি এবং সমান অধিকার নিশ্চিত হবে—আদালতের কাছে এমনটাই প্রত্যাশা তার। রেহান বলেন, ‘আদালত যদি মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে, তাহলে আমার মনে হয় আমাদের সম্প্রদায় দেশে ফিরতে এবং নিজেদের অধিকার ফিরে পেতে সুবিধা হবে।’
রোহিঙ্গাদের কাছে ন্যায়বিচারের অর্থ কী
গাম্বিয়ার করা মামলায় মূলত ২০১৭ সালের সেনা অভিযানে রোহিঙ্গাদের সাথে মিয়ানমারের আচরণ এবং গণহত্যা সনদ লঙ্ঘনের বিষয়টি সামনে এসেছে। তবে রোহিঙ্গা নেতা ও অধিকারকর্মীদের কাছে এই মামলার গুরুত্ব শুধু আদালতের রায়ে সীমাবদ্ধ নয়। তারা চান, রোহিঙ্গা পরিচয় ও অধিকার ফিরিয়ে দেয়া হোক এবং যারা এসব অপরাধের জন্য দায়ী, তাদের বিচারের মুখোমুখি করা হোক।
কক্সবাজারে আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মোহাম্মদ জুবায়ের বলেন, আদালত তাদের ওপর চালানো অপরাধের স্বীকৃতি দেবে বলে রোহিঙ্গাদের বিশ্বাস।
মিয়ানমার সরকার রোহিঙ্গাদের স্বতন্ত্র জনগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করে। বরং তাদের বাঙালি বলে অভিহিত করে। এ প্রসঙ্গে জুবায়ের বলেন, ‘তারা আমাদের বাঙালি বলেছে, অথচ আমাদের ওপর গণহত্যা চালিয়েছে। আমরা নিজের চোখে গণহত্যা দেখেছি। নিজেরা এর শিকার হয়েছি। এ বিষয়ে যথেষ্ট প্রমাণ ও সাক্ষ্য রয়েছে।’
তার মতে, রোহিঙ্গাদের পক্ষে রায় এলে মর্যাদা ও অধিকার নিয়ে মিয়ানমারে ফিরে যাওয়ার পথ তৈরি হতে পারে। কিন্তু শরণার্থী জীবনের কষ্ট অসহনীয় হয়ে উঠেছে। জুবায়ের বলেন, ‘শরণার্থী জীবন কারাগারের চেয়েও খারাপ। কোনো আশা নেই। এ জীবন সহ্য করা কঠিন। আমি প্রায় দুই দশক শিক্ষকতা করেছি। মিয়ানমারে আমার যথেষ্ট সম্মান ছিল। অথচ এখন শরণার্থী হিসেবে জীবন কাটাচ্ছি। আমরা দেশে ফিরতে চাই।’
রোহিঙ্গা অধিকারকর্মী এবং ফ্রি রোহিঙ্গা কোয়ালিশনের সহপ্রতিষ্ঠাতা নাই সান লুইনের মতে, শুধু আদালতের রায় পেলেই প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে না।
তিনি বলেন, ‘আমাদের কাছে প্রকৃত ন্যায়বিচার মানে শুধু আদালতের একটি রায় নয়। এর অর্থ আমাদের পরিচয়ের স্বীকৃতি, অধিকার ফিরিয়ে দেয়া, প্রতিটি ভুক্তভোগীর জন্য বিচার এবং নিরাপদে মাতৃভূমিতে ফেরার সুযোগ। সেখানে নতুন করে জীবন গড়ে শান্তি ও মর্যাদা নিয়ে বেঁচে থাকতে চাই আমরা।’
এ জন্য রোহিঙ্গাদের নাগরিকত্ব, সমান অধিকার এবং মিয়ানমারের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিতে হবে বলে মনে করেন তিনি। শরণার্থীদের নিজেদের আদি গ্রামে ফিরে যাওয়ার সুযোগও থাকতে হবে। মিয়ানমারের অন্য জনগোষ্ঠীর মতো সমান অধিকার ভোগ করতে দিতে হবে তাদের।
নাই সান লুইন বলেন, ‘আদালত যদি স্বীকার করে যে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালানো হয়েছে, তাহলে জাতিসঙ্ঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত সেই রায় কার্যকর করার ব্যবস্থা নিতে হবে। একই সাথে অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে হবে।’
তবে আদালত যদি মিয়ানমারকে গণহত্যার জন্য দায়ী না-ও করে, তাতেও ন্যায়বিচারের লড়াই থেমে থাকবে না বলে জানান তিনি। তার ভাষায়, ‘এমন রায়ে আমাদের ভোগান্তির ইতিহাস মুছে যাবে না। অপরাধীদের বিচারের প্রয়োজনও ফুরিয়ে যাবে না। ন্যায়বিচারের প্রতি আমাদের অঙ্গীকার কোনো একটি রায়ের ওপর নির্ভর করে না।’
ঐতিহাসিক রায়, কিন্তু জীবন বদলাবে কতটা?
আইসিজের এই মামলার প্রভাব রোহিঙ্গা জনগোষ্ঠীর বাইরেও পড়তে পারে। আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়াবিষয়ক আবাসিক জ্যেষ্ঠ ফেলো মাইকেল কুগেলম্যান বলেন, এখন পর্যন্ত কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী সাব্যস্ত করেনি আইসিজে। তাই মিয়ানমারের বিরুদ্ধে রায় এলে আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে তা হবে গুরুত্বপূর্ণ ঘটনা।
এর প্রভাব পড়তে পারে বাংলাদেশের ওপরও। বছরের পর বছর ধরে বিশ্বের সবচেয়ে বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়ে আসছে বাংলাদেশ। কুগেলম্যান বলেন, ‘আদালত যদি রায় দেয় যে রোহিঙ্গারা গণহত্যার শিকার, তাহলে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের আরো বেশি সহায়তা ও সুরক্ষা দিতে ঢাকার ওপর আন্তর্জাতিক চাপ বাড়তে পারে। আর আদালত যদি এমন সিদ্ধান্তে না পৌঁছায়, তাহলে সেই চাপ তুলনামূলক কম হবে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের অধ্যাপক নাসির উদ্দিন দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠী নিয়ে গবেষণা করছেন। তার মতে, রোহিঙ্গাদের পক্ষে রায় এলে ২০১৭ সালে তাদের ওপর চালানো নৃশংসতার আন্তর্জাতিক আইনি স্বীকৃতি মিলবে। একই সাথে রোহিঙ্গাদের রাজনৈতিক দাবির পক্ষে আরো শক্ত ভিত্তি তৈরি হবে।
তিনি বলেন, ‘রোহিঙ্গা সঙ্কটকে প্রায়ই রাজনৈতিক দর-কষাকষির বিষয় হিসেবে দেখা হয়। কিন্তু আদালত যদি মিয়ানমারকে গণহত্যার জন্য দায়ী করে, তাহলে তাদের দাবির পক্ষে শক্ত আইনি ভিত্তি তৈরি হবে। রাজনৈতিক বক্তব্য দেয়া আর সেই বক্তব্যের পক্ষে আদালতের রায় থাকা এক বিষয় নয়।’
এই মামলার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, কোনো দেশে সংঘটিত অপরাধের শিকার না হয়েও অন্য একটি দেশ গণহত্যা সনদের আওতায় মামলা করতে পারে—এ নীতির প্রতিষ্ঠা। মিয়ানমারের ঘটনার সাথে গাম্বিয়ার সরাসরি কোনো সম্পর্ক ছিল না। তারপরও দেশটি আদালতে মামলা করেছে। নাসির উদ্দিনের মতে, মিয়ানমারের বিরুদ্ধে রায় এলে বিশ্বের অন্য কোথাও গণহত্যার অভিযোগ ওঠা মামলাগুলোর ক্ষেত্রেও এর প্রভাব পড়তে পারে।
তবে গণহত্যা প্রমাণের আইনি শর্ত বেশ কঠিন। কোনো সুরক্ষিত জনগোষ্ঠীকে পুরোপুরি বা আংশিকভাবে ধ্বংস করার সুনির্দিষ্ট উদ্দেশ্য ছিল কি না, আদালতকে তা প্রতিষ্ঠা করতে হবে। মিয়ানমার অবশ্য দাবি করে আসছে, ২০১৭ সালের অভিযান ছিল বিদ্রোহীদের বিরুদ্ধে পাল্টা সামরিক ব্যবস্থা।
নাসির উদ্দিন বলেন, ‘আদালত পুরোপুরি সাদা-কালো কোনো রায় দেবে বলে আমি মনে করি না। মামলার কিছু বিষয় আদালত স্বীকার করতে পারে, আবার অন্য বিষয়গুলো আইনি যাচাইয়ের আওতায় আনতে পারে।’
গণহত্যার অভিযোগ স্বীকৃতি না পেলে তা অপরাধ অস্বীকারের রাজনীতিকে আরো শক্তিশালী করতে পারে বলে আশঙ্কা তার। এতে আন্তর্জাতিক বিচারব্যবস্থার ওপর মানুষের আস্থাও কমে যেতে পারে। তিনি বলেন, ‘আমার ভয়, বিশ্বজুড়ে গণহত্যার স্বীকৃতির চেয়ে তা অস্বীকার করার প্রবণতাই এখন বেশি শক্তিশালী হয়ে উঠছে। এতে ভবিষ্যতে এ ধরনের নৃশংসতা চালানোর পরও অপরাধীরা পার পেয়ে যাওয়ার সাহস পাবে।’
কুগেলম্যানের মতে, গণহত্যার দায়ে মিয়ানমার দোষী সাব্যস্ত হলে দেশটির সামরিক কর্তৃপক্ষের বিরুদ্ধে আরো আইনি পদক্ষেপ নেয়ার জন্য আন্তর্জাতিক চাপ বাড়তে পারে। তবে প্রতিবেশী দেশগুলোর অবস্থানে বড় পরিবর্তন আসার সম্ভাবনা কম। তিনি বলেন, ‘গণহত্যার রায় যত বড় ঘটনাই হোক না কেন, মিয়ানমারের প্রতিবেশী দেশগুলো সম্ভবত নিজেদের বাস্তব স্বার্থ বিবেচনা করেই অবস্থান নেবে। আর তাতে সুবিধা হবে দেশটির শাসকগোষ্ঠীর।’
দেশে ফেরার পথ এখনো দীর্ঘ
আইসিজে রোহিঙ্গাদের পক্ষে রায় দিলেও নিরাপদে মিয়ানমারে ফেরার নিশ্চয়তা মিলবে না। দেশটির চলমান গৃহযুদ্ধ রাখাইন রাজ্যের ক্ষমতার ভারসাম্য পাল্টে দিয়েছে। বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি রাজ্যের প্রায় পুরো এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। এর মধ্যে রয়েছে রাখাইনের উত্তরাঞ্চলও, যেখান থেকে বহু রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে এসেছিলেন।
ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের থমাস কিন বলেন, ভবিষ্যতে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে আলোচনা করতে হলে আরাকান আর্মিকে অবশ্যই আলোচনার অংশ করতে হবে।
তবে সংঘাতের কারণে আরাকান আর্মি ও রোহিঙ্গাদের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। ২০২৪ সালে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলো মিয়ানমার সেনাবাহিনীর সাথে মিলে আরাকান আর্মির বিরুদ্ধে লড়াই করেছে। একই সময়ে সেনাবাহিনী রোহিঙ্গাদের বিভিন্ন মিলিশিয়া বাহিনীতে যোগ দিতে বাধ্য করেছে। পরে রোহিঙ্গা বেসামরিক নাগরিকদের ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে আরাকান আর্মির বিরুদ্ধে। অন্যদিকে রাখাইনের উত্তরাঞ্চলে হামলা চালিয়েছে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোও।
থমাস কিন বলেন, ‘এই সহিংসতা রোহিঙ্গা ও আরাকান আর্মির মধ্যে আস্থার সম্পর্ক মারাত্মকভাবে নষ্ট করেছে। অনেক রোহিঙ্গা আরাকান আর্মিকে মিয়ানমার সেনাবাহিনীর সমান, এমনকি তার চেয়েও খারাপ মনে করে। অন্যদিকে আরাকান আর্মিও রোহিঙ্গাদের সম্ভাব্য নিরাপত্তা হুমকি হিসেবে দেখে। দুই পক্ষের মধ্যে আস্থার অভাব প্রত্যাবাসনের বড় বাধা। সম্পর্কের উন্নতি করতে হলে ধৈর্য ধরে বছরের পর বছর কাজ করতে হবে।’
চলমান যুদ্ধের মধ্যে রোহিঙ্গাদের দেশে ফেরা আরো কঠিন বলে মনে করেন তিনি। কিনের কথায়, ‘যুদ্ধ চলার সময় আরাকান আর্মির পক্ষে নিরাপত্তার নিশ্চয়তা দেয়া কঠিন। প্রত্যাবাসন শুরুর প্রথম শর্ত হবে রাখাইনে সংঘাতের অবসান। কিন্তু তারপরও প্রত্যাবাসন বাস্তবায়নের পথে অনেক দূর যেতে হবে।’
গণহত্যার রায় আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের সামরিক সরকারের ওপর চাপ প্রয়োগের ক্ষেত্রে কতটা বাড়তি শক্তি দেবে, তা নিয়েও সন্দিহান কিন। মিয়ানমার কর্তৃপক্ষ বলেছে, নিরাপত্তা পরিস্থিতি অনুকূলে এলে রোহিঙ্গাদের ফিরতে দেয়া হবে। শরণার্থীরা নিজেদের রোহিঙ্গা হিসেবে স্বীকৃতি দেয়ার দাবি না জানালে তাদের নাগরিকত্ব দেয়ার বিষয়েও আগ্রহ দেখিয়েছে দেশটি।
কিনের আশঙ্কা, গণহত্যার দায়ে মিয়ানমার দোষী সাব্যস্ত হলে দেশটির সামরিক কর্তৃপক্ষ আন্তর্জাতিক চাপের কাছে আরো অনমনীয় হয়ে উঠতে পারে। জাতিসঙ্ঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার কাজেও নতুন বিধিনিষেধ আরোপ করা হতে পারে। তিনি বলেন, ‘মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার রায় এলে দেশটির রাজধানী নেপিদো আরো একগুঁয়ে হয়ে উঠবে বলে আমার আশঙ্কা। মিয়ানমারের ভেতরেও এর বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে। দেশটির অনেক মানুষ এখনো রোহিঙ্গাদের অবৈধ অভিবাসী মনে করে।’
রোহিঙ্গা শরণার্থীদের মধ্যেও এ নিয়ে উদ্বেগ রয়েছে। তরুণ নুরুল আমিন মনে করেন, আদালতের অনুকূল রায়কে শুধু রোহিঙ্গাদের বিজয় হিসেবে দেখলে চলবে না। মিয়ানমারের অন্য জাতিগোষ্ঠীগুলোও নির্যাতনের শিকার হচ্ছে।
তিনি বলেন, ‘মিয়ানমারের আরো অনেক জাতিগোষ্ঠী হামলার শিকার হচ্ছে। আমরা চাই, তারাও শান্তিতে থাকুক। দেশে গণতন্ত্র ফিরে আসুক এবং সব জাতিগোষ্ঠী মিলেমিশে বসবাস করুক। আমরা ন্যায়বিচার চাই, নিজেদের অধিকার ফিরে পেতে চাই। কিন্তু একই সাথে চাই, মিয়ানমারের সব জাতিগোষ্ঠী যেন সেনাবাহিনীর ভয়ে না থেকে শান্তিতে বাঁচতে পারে।’
নাসির উদ্দিন বলেন, আদালতের রায় রোহিঙ্গাদের দাবির আইনি স্বীকৃতি দিতে এবং মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে পারে। কিন্তু শুধু এই রায় দিয়ে শরণার্থীদের দেশে ফেরানো সম্ভব নয়। তিনি বলেন, ‘আইসিজে অনুকূল রায় দিলেই পরদিন রোহিঙ্গারা দেশে ফিরে যাবে, এমনটা ভাবা ঠিক হবে না। এসব বিষয়ে সময় লাগে। রাতারাতি কিছু বদলে যাবে না।’
থমাস কিনের মতে, মিয়ানমারের সংঘাতে জড়িত বিভিন্ন পক্ষের সাথে বাংলাদেশের যোগাযোগ বাড়ানো প্রয়োজন। শুধু একটি পক্ষের ওপর নির্ভর না করে আরাকান আর্মির সাথেও দীর্ঘমেয়াদি আলোচনার পথ তৈরি করতে হবে ঢাকাকে। প্রত্যাবাসন, সীমান্ত নিরাপত্তা, বাণিজ্য ও মানবিক সহায়তার মতো বিষয়গুলোতে এ আলোচনা জরুরি।
কিন্তু দিল হোসেন ও আলিনেসার কাছে এসব কূটনৈতিক হিসাব-নিকাশের চেয়ে বড় প্রশ্নটি আরো ব্যক্তিগত। তাদের মেয়ে ইশারা কি কোনো দিন নিজের জন্মভূমিতে বড় হওয়ার সুযোগ পাবে? যে দেশে তার মা-বাবা একসময় অধিকার ও নিরাপত্তা নিয়ে বেঁচে ছিলেন, সেই দেশে কি সে আবার ফিরতে পারবে?
আলিনেসার কথায়, ‘আমরা জীবন, সম্পদ, স্বজন—সব হারিয়েছি। এখানে যে শরণার্থী জীবন কাটাচ্ছি, তাতে আমাদের বা আমাদের সন্তানদের কোনো ভবিষ্যৎ নেই। আমরা নিজেদের ঘরে ফিরতে চাই। শান্তিতে জীবন কাটাতে চাই।’
সূত্র : আল জাজিরা
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








