
ফিফা র্যাঙ্কিংয়ে নতুন ইতিহাস গড়েছে মরক্কো। সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে আফ্রিকার দেশটি। আরব ফুটবলের ইতিহাসে প্রথম দল হিসেবে বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছে তারা।
১৮০৯.৩৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে মরক্কো। আফ্রিকার দ্বিতীয় দল হিসেবে এই অবস্থানে পৌঁছেছে তারা। এর আগে ১৯৯৪ সালের এপ্রিলে পঞ্চম স্থানে উঠেছিল নাইজেরিয়া। আফ্রিকার আর কোনো দল এখন পর্যন্ত এই কৃতিত্ব অর্জন করতে পারেনি।
নাইজারের বিপক্ষে আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্বে ১-০ গোলের জয় মরক্কোর র্যাঙ্কিংয়ে উন্নতিতে ভূমিকা রেখেছে। পাশাপাশি পর্তুগাল ও ব্রাজিলের পয়েন্ট কমে যাওয়ায় তাদেরও পেছনে ফেলেছে মরক্কো। ১৮০১.২৮ পয়েন্ট নিয়ে পর্তুগাল ষষ্ঠ ও ১৮০০.৯১ পয়েন্ট নিয়ে ব্রাজিল সপ্তম স্থানে রয়েছে।
অন্যদিকে মালাউইয়ের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে পয়েন্ট হারিয়েছে মিসর। ৮.৯৮ পয়েন্ট কমে দলটির বর্তমান সংগ্রহ ১৫৮০.৪৯। এক ধাপ পিছিয়ে ২৬তম স্থানে নেমেছে তারা। তবে আফ্রিকার দেশগুলোর মধ্যে মরক্কো ও সেনেগালের পর তৃতীয় ও আরব দেশগুলোর মাঝে মরক্কোর পর দ্বিতীয় স্থানে রয়েছে মিসর।
আরব দেশগুলোর মধ্যে আলজেরিয়া তৃতীয় স্থানে রয়েছে বিশ্ব র্যাঙ্কিংয়ের ২৮তম অবস্থানে। সৌদি আরব ৫৪তম, তিউনিসিয়া ৫৯তম, কাতার ৬০তম, ইরাক ৬৩তম, সংযুক্ত আরব আমিরাত ৬৭তম ও জর্ডান ৭২তম স্থানে রয়েছে। ওমান ৮০তম, সিরিয়া ৮৮তম, ফিলিস্তিন ৯২তম এবং বাহরাইন ৯৭তম।
বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। ইংল্যান্ডের কাছে ৩-২ গোলে হারলেও ২০০৪.৪৮ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে তারা। দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা, তাদের পয়েন্ট ১৯৬৬.১৩।
১৯৫০.৮২ পয়েন্ট নিয়ে তৃতীয় ফ্রান্স। স্পেনকে হারিয়ে ১৯৩৮.৯০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে ইংল্যান্ড। শীর্ষ দশে বাকি দলগুলোর মধ্যে অষ্টম বেলজিয়াম, নবম নেদারল্যান্ডস ও দশম কলম্বিয়া।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








