গ্লোব সকার অ্যাওয়ার্ডস, লিওনেল মেসি, মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পে, দুবাই,  ইন্টার মায়ামি, হ্যারি কেইন, উসমান দেম্বেলে, আল নাসর, সাদিও মানে, জোয়াও ফেলিক্স, রুবেন নেভেস, ইভান টনি, এদুয়ার্দ মেন্দি, ইয়াসিন বুনু, সুফিয়ান রাহিমি, জুলিয়ান কুইনোনেস, মুসাব আল জুয়াইর, আর্লিং হালান্ড, জুড বেলিংহাম, ফেদেরিকো ভালভার্দে, পাউ কুবার্সি, উইলিয়াম সালিবা, আশরাফ হাকিমি, পিএসজি, লুইস এনরিকে, স্পেন, লুইস দে লা ফুয়েন্তে, আর্সেনাল, মিকেল আরতেতা, সেস্ক ফ্যাব্রিগাস, অ্যাস্টন ভিলা, উনাই এমেরি, মার্সেলো লিপ্পি, আন্তোনিও কন্তে, ইকার ক্যাসিয়াস, লুইস ফিগো
লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। সংগৃহীত

এক দশকের বেশি সময় পর আবার গ্লোব সকার অ্যাওয়ার্ডসের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে লিওনেল মেসি। ফুটবলের এই মহাতারকার সাথে এবারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও কিলিয়ান এমবাপ্পেও। 

Advertisement

মেসি-এমবাপ্পে লড়বেন বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারের জন্য, আর মধ্যপ্রাচ্যের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে আছেন রোনালদো। আগামী ২৮ ডিসেম্বর দুবাইয়ে বসবে এবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

২০১৫ সালে গ্লোব সকার অ্যাওয়ার্ডসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন মেসি। এরপর দীর্ঘ বিরতি দিয়ে এবার আবারো এই বিভাগে মনোনয়ন পেয়েছেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন তারকা। তার সাথে লড়াইয়ে আছেন এমবাপ্পে, ব্যালন ডি’অরজয়ী হ্যারি কেইন ও গতবারের বিজয়ী উসমান দেম্বেলে।

অন্যদিকে, মধ্যপ্রাচ্যের সেরা খেলোয়াড়ের পুরস্কার ধরে রাখার সুযোগ আছে রোনালদোর সামনে। গতবার এই বিভাগে সেরা হয়েছিলেন আল নাসরের পর্তুগিজ তারকা। এবারও ১০ জনের সংক্ষিপ্ত তালিকায় আছেন তিনি।

একই তালিকায় জায়গা পেয়েছেন তার ক্লাব সতীর্থ সাদিও মানে ও জোয়াও ফেলিক্স। এছাড়া আছেন রুবেন নেভেস, ইভান টনি, এদুয়ার্দ মেন্দি, ইয়াসিন বুনু, সুফিয়ান রাহিমি, জুলিয়ান কুইনোনেস ও মুসাব আল জুয়াইর।

সেরা খেলোয়াড়ের পাশাপাশি সেরা ফরোয়ার্ড বিভাগেও মনোনয়ন পেয়েছেন আর্লিং হালান্ড। সেরা মিডফিল্ডারের আটজনের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন জুড বেলিংহাম ও ফেদেরিকো ভালভার্দে। সেরা ডিফেন্ডার হওয়ার লড়াইয়ে আছেন পাউ কুবার্সি, উইলিয়াম সালিবা ও আশরাফ হাকিমি।

সেরা কোচের পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন পিএসজির লুইস এনরিকে, স্পেনের লুইস দে লা ফুয়েন্তে, আর্সেনালের মিকেল আরতেতা, কোমোর সেস্ক ফ্যাব্রিগাস ও অ্যাস্টন ভিলার উনাই এমেরি।

এবারের ১৪টি বিভাগের মাঝে ১২টিতে ভোট গ্রহণ শুরু হয়েছে। গ্লোব সকারের অফিশিয়াল ওয়েবসাইটে ৩০ নভেম্বর পর্যন্ত ভোট দিতে পারবেন ফুটবলপ্রেমীরা। দর্শকদের ভোটে নির্বাচিতরা যাবেন চূড়ান্ত পর্বে। 

সেখানে দর্শকদের ভোটের সাথে যুক্ত হবে বিচারক প্যানেলের ভোট। এই প্যানেলে রয়েছেন মার্সেলো লিপ্পি, আন্তোনিও কন্তে, ইকার ক্যাসিয়াস ও লুইস ফিগোর মতো ফুটবল ব্যক্তিত্ব।