
লিওনেল মেসির উত্তরসূরি কে হবেন, তা নিয়ে আলোচনা চলছে আর্জেন্টিনার ফুটবলে। মেসির মা সেলিয়া মারিয়া কুচ্চিত্তিনি অবশ্য তার পছন্দের নাম আগেই জানিয়েছেন। ছেলের বিদায়ী ম্যাচে তরুণ ফুটবলার নিকো পাজের হাত ধরে তাকে মেসির উত্তরসূরি বলেছিলেন কুচ্চিত্তিনি।
গত ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলেন মেসি। ছেলের বিদায়ী ম্যাচ দেখতে সেদিন গ্যালারিতে উপস্থিত ছিলেন তার মা। সেই ম্যাচের একটি ঘটনা সম্প্রতি সামনে এনেছেন আর্জেন্টাইন ডিজাইনার ফাবিয়ান পাজ।
একটি গণমাধ্যমকে তিনি ফাবিয়ান জানান, ম্যাচ শেষে ড্রেসিংরুম থেকে বেরিয়ে আসেন নিকো পাজ। তখন কাঁদছিলেন মেসির মা। নিকো তাকে চিনতেন, তাই কাছে গিয়ে শুভেচ্ছা জানান। এ সময় নিকোর হাত ধরে কুচ্চিত্তিনি বলেন, তুমিই আমার ছেলের উত্তরসূরি।
মেসির মায়ের মুখে এমন কথা শুনে বিস্মিত হয়ে যান নিকো। ফাবিয়ান জানান, পরে তার সাথে কথা বলার সময় নিকো বলেছিলেন, এমন কিছু ঘটতে পারে, তা তিনি বিশ্বাসই করতে পারছেন না। মেসির উত্তরসূরি হওয়ার কথা কখনো ভাবেননি তিনি।
মেসির সাথে পরিচিত হওয়া ও একই মাঠে তার পাশে খেলার সুযোগ পাওয়াই ছিল নিকোর কাছে বড় প্রাপ্তি।
অবশ্য আর্জেন্টিনার ফুটবলে প্রত্যাশার চাপ অনেক বেশি। আর দেশের বাইরে বেড়ে ওঠায় সেই চাপের সাথে এখনো পুরোপুরি পরিচিত নন নিকো। তবে মাঠের পারফরম্যান্স অবশ্য তার সম্ভাবনার জানান দিচ্ছে।
মেসি-পরবর্তী সময়ের শুরুতেই দারুণ ছন্দে আর্জেন্টিনা। বুধবার কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচে ৭-০ গোলের বিশাল জয় পেয়েছে দলটি। সেই ম্যাচে জোড়া গোল করেছেন নিকো পাজ।
প্রথমার্ধেই দুই গোল করেন নিকো। আর্জেন্টিনার জার্সিতে সবশেষ পাঁচ ম্যাচে তার গোলসংখ্যা পাঁচ। মেসির বিদায়ের পর আর্জেন্টিনার ভবিষ্যৎ তারকা হিসেবে তাকে ঘিরে প্রত্যাশা বাড়ছে সমর্থকদের।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








