
ক্রিকেটে ভারত-পাকিস্তান দ্বৈরথে সাম্প্রতিক সময়ে প্রতিদ্বন্দ্বিতার চেয়ে বেশি আলোচনায় এসেছে সৌজন্যবোধের অভাব। কখনো করমর্দন এড়িয়ে যাওয়া, কখনো প্রতিপক্ষের কাছ থেকে ট্রফি গ্রহণ না করা—মাঠের বাইরের এসব ঘটনাও দুই দলের লড়াইয়ের অংশ হয়ে উঠেছে।
তবে ফুটবলে দেখা গেল ভিন্ন ছবি। সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষে একে অপরকে গার্ড অব অনার দিয়ে সৌহার্দ্যের দৃষ্টান্ত স্থাপন করেছে ভারত ও পাকিস্তান। রাজনৈতিক বৈরিতাকে বাইরে রেখে দিয়েছে ফুটবলে সম্প্রীতির বার্তা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী। প্রথমার্ধে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে রেকর্ড দশমবারের মতো সাফ চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
তবে ম্যাচের ফল ছাপিয়ে আলোচনায় এসেছে দুই দলের খেলোয়াড়দের পারস্পরিক সম্মান প্রদর্শনের দৃশ্য। পুরস্কার বিতরণী মঞ্চে রানার্সআপের ট্রফি নিতে যাওয়া পাকিস্তান দলকে গার্ড অব অনার দিয়ে সম্মান জানায় ভারতীয় খেলোয়াড়েরা।
পরে চ্যাম্পিয়ন ভারতের খেলোয়াড়দেরও একইভাবে গার্ড অব অনার দেয় পাকিস্তান। মাঠের লড়াইয়ে কেউ কাউকে ছাড় না দিলেও ম্যাচ শেষে সৌজন্য দেখাতে কার্পণ্য করেনি দুই দল।
শুধু দলীয় শিরোপাই নয়, ব্যক্তিগত পুরস্কারেও এবার ভারতের আধিপত্য ছিল। সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন আর্শ শেখ। পুরো টুর্নামেন্টের পাশাপাশি ফাইনালেও পাকিস্তানের একের পর এক আক্রমণ ঠেকিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।
সেরা গোলদাতা ও টুর্নামেন্টসেরার পুরস্কার দুইটিই উঠেছে ভারতের ফরোয়ার্ড সুহাইল ভাটের হাতে। আসরে সর্বোচ্চ চার গোল করেছেন তিনি। ফাইনালে ৬০ মিনিটে তার গোলেই সমতায় ফেরে ভারত। এর আগে গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে জোড়া ও মালদ্বীপের বিপক্ষে একটি গোল করেছিলেন সুহাইল।
শিরোপাজয়ী ভারত পুরস্কার হিসেবে পেয়েছে ৪০ হাজার ডলার, বাংলাদেশী মুদ্রায় প্রায় ৫০ লাখ টাকা। রানার্সআপ পাকিস্তানের প্রাপ্তি ১৫ হাজার ডলার, প্রায় ১৯ লাখ টাকা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








