পাকিস্তান, সেমিফাইনাল, বাংলাদেশ, সাফ চ্যাম্পিয়ন্সশিপ, জাতীয় দলের গোলরক্ষক, মেহেদী হাসান শ্রাবণ, গ্রুপ পর্ব, ফাইনাল, হাইয়ান খাট্টাক, আব্দুল সামাদ শেহজাদ
মেহেদী হাসান শ্রাবণ। সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে শেষ মুহূর্তের একটি ভুলে ভেঙে গেছে বাংলাদেশের সাফ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন। সেই ভুলের দায় নিজের কাঁধে নিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন জাতীয় দলের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। 

Advertisement

রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া আবেগঘন বার্তায় তিনি লিখেছেন, ‘আমি সত্যিই দুঃখিত, বাংলাদেশ। গত রাতে আপনাদের সবার সাথে উৎসব করার স্বপ্ন আমিও দেখেছিলাম।’

গ্রুপ পর্বে টানা দুই ম্যাচে গোল হজম করেননি শ্রাবণ। পাকিস্তানের বিপক্ষেও বেশির ভাগ সময় নির্ভরতা দিয়েছিলেন পোস্টের নিচে। কিন্তু ম্যাচের শেষ দিকে তার একটি ভুলই বদলে দেয় সব হিসেব। ঘরের মাঠে ১-০ গোলে হেরে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সুযোগ হারায় বাংলাদেশ।

ম্যাচের শেষ দিকে সতীর্থদের উদ্দেশে লম্বা থ্রো করেন শ্রাবণ। কিন্তু মাঝমাঠে বাংলাদেশের কোনো খেলোয়াড় বলের নাগাল পাননি। বল চলে যায় পাকিস্তানের হাইয়ান খাট্টাকারের কাছে। তার কাছ থেকে বল পেয়ে আব্দুল সামাদ শেহজাদ নিচু শটে জালে পাঠান। বলের গতিপথ বুঝে ঝাঁপিয়েও গোলটি ঠেকাতে পারেননি শ্রাবণ।

ম্যাচের পর থেকেই সমালোচনার মুখে পড়েছেন এই গোলরক্ষক। তবে নিজের ভুলের দায় এড়িয়ে যাননি তিনি। ফেসবুকে সাদাকালো একটি ছবি প্রকাশ করে হৃদয়ভাঙা ইমোজির সাথে লিখেছেন—

‘ভারী হৃদয়ে এই কথাগুলো লিখছি। একটি দুর্ভাগ্যজনক ভুল সবকিছু বদলে দিয়েছে এবং এর কারণে যে হতাশা তৈরি হয়েছে, তা বুঝতে পারছি। এই মুহূর্তটিকে আমি একটি বেদনাদায়ক শিক্ষা হিসেবে নিচ্ছি। সতীর্থ, কোচ এবং প্রতিটি সমর্থকের কাছে আমার আন্তরিক ক্ষমা প্রার্থনা।’