
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে রোববার ওয়ান্ডারার্স স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিতে নামলেই টেস্ট ক্রিকেটের অন্যতম বিস্ময়কর একটি রেকর্ড আরো সমৃদ্ধ হবে টেম্বা বাভুমার।
অধিনায়ক হিসেবে প্রথম ১৫ টেস্টে ১৩টি জয় পেয়েছেন বাভুমা। অধিনায়কত্বের সমপর্যায়ে খেলার ইতিহাসে তার চেয়ে বেশি সফল আর কেউ নেই।
শুধু অস্ট্রেলিয়ার লিন্ডসে হ্যাসেট বাভুমার এই রেকর্ডের সমান কৃতিত্ব দেখাতে পেরেছেন। প্রথম ১৫ ম্যাচে দু’জনেরই জয় ১৩টি, ড্র একটি এবং হার একটি।
তবে অধিনায়ক হিসেবে নিজের ১৬তম ম্যাচে এসে ছন্দপতন হয়েছিল হ্যাসেটের। ১৯৫২-৫৩ মৌসুমে মেলবোর্নে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছিল তার দল। অধিনায়ক হিসেবে শেষ নয় ম্যাচে তিনি আর মাত্র একটি জয় পেয়েছিলেন।
দক্ষিণ আফ্রিকা বর্তমান টেস্ট বিশ্বচ্যাম্পিয়ন। বাভুমার নেতৃত্বে তাদের জয়ের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি এবং ভারতের বিপক্ষে তিনটি জয়। এর মধ্যে দু’টি জয় গত বছর ভারতের মাটিতে।
বাংলাদেশের বিপক্ষে আগের ১৬ টেস্টের ১৪টিতেই জিতেছে দক্ষিণ আফ্রিকা। বাকি দু’টি ম্যাচ ২০১৫ সালে বাংলাদেশে বৃষ্টির কারণে ড্র হয়েছিল।
তবে গত আগস্টে ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে চমক দেখিয়েছে বাংলাদেশ। সম্প্রতি এক সাক্ষাৎকারে বাভুমাও বলেছেন, ‘এখন আমাদের লক্ষ্যবস্তু করা হচ্ছে, সবাই আমাদের বিপক্ষে ঝাঁপিয়ে পড়তে চায়।’
সফরের সূচি বাংলাদেশের কঠিন চ্যালেঞ্জকে আরো দুরূহ করে তুলেছে। গত সোমবার সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ড্র হওয়া টেস্ট শেষ করেছে বাংলাদেশ। বুধবার জোহানেসবার্গে পৌঁছানোর পর বিশ্বচ্যাম্পিয়নদের মুখোমুখি হতে তাদের হাতে সময় ছিল মাত্র চার দিন।
দক্ষিণ আফ্রিকার মাটিতে আগের আট টেস্টের সবকটিতেই হেরেছে বাংলাদেশ। এর মধ্যে পাঁচটিতে ইনিংস ব্যবধানে হারতে হয়েছে। বাকি তিন হারের মধ্যে সবচেয়ে কম ব্যবধান ছিল ২০২১-২২ মৌসুমে ডারবানে ২২০ রান।
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে পারেন তাওহিদ হৃদয়। সেপ্টেম্বরে পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে উচ্চ স্কোরের ড্র হওয়া ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে অপরাজিত ৩৫০ রান করেছিলেন তিনি। এরপর গত সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অপরাজিত ২৪২ ও ৮২ রান করেন এই ব্যাটার।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








