
আট বছর পর ঢাকায় সাফের মঞ্চে আবার পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই সেমিফাইনালের আগে স্বাগতিক দলে ফিরেছেন অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ। চোটের কারণে টুর্নামেন্টের আগের দুই ম্যাচে খেলতে পারেননি তিনি। তবে চূড়ান্ত ২৩ জনের দলে জায়গা হয়নি ফরোয়ার্ড শেখ মোরসালিনের।
ফিফা উইন্ডোর বাইরে সাফ শুরু হওয়ায় দলগুলো ২৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। তবে প্রতিটি ম্যাচের আগে সেখান থেকে ২৩ জনকে চূড়ান্ত করতে হয়। পাকিস্তানের বিপক্ষে আজকের ম্যাচে বাংলাদেশের কোচ থমাস ডুলি সেই তালিকায় রেখেছেন তপুকে। আগের ম্যাচে ২৩ জনের দলে না থাকা ফাহমিদুলও ফিরেছেন।
অন্যদিকে চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন সাদ উদ্দিন। তার ভাই তাজ উদ্দিনও নেই আজকের ম্যাচের স্কোয়াডে। আগের দুই ম্যাচের মতো এবারো ২৩ জনের তালিকায় জায়গা হয়নি প্রবাসী ফুটবলার মাহে খানের। স্বাধীনও বাদ পড়েছেন চূড়ান্ত দল থেকে।
২০২৩ সালে বেঙ্গালুরু সাফে নজর কেড়েছিলেন শেখ মোরসালিন। এবারের টুর্নামেন্টে প্রথম ম্যাচে ছিলেন না তিনি। পরের ম্যাচে ২৩ জনের দলে জায়গা পেলেও মাঠে নামার সুযোগ পাননি। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালেও তাকে বাইরে রেখেছেন কোচ।
২০১৮ সালের সাফে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন তপু বর্মণ। তার গোলেই সেবার পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। আট বছর পর আবার সেই প্রতিপক্ষের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ফিরলেন এই ডিফেন্ডার।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








