
মালাবির বিপক্ষে মোহাম্মদ সালাহ-র জোড়া গোলে দুর্দান্ত জয় পায় মিশর। আর এর মাঝেই দেশের হয়ে সর্বোচ্চ গোলদাতার আসলে ৩৪ বছর বয়সী এ ফরোয়ার্ড।
শুক্রবার (১৩ নভেম্বর) কায়রো আন্তর্জাতিক স্টেডিয়ামে আফ্রিকান কাপ অব নেশনসের বাছাইপর্বের ম্যাচে মালাবিকে ৫-০ গোলে হারায় মিশর। এই জয়ে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ বি-র শীর্ষস্থানে ফারাওরা।
ঘরের মাঠ ম্যাচের পঞ্চম মিনিটে নাসের মাহেরের গোলে এগিয়ে যায় মিশর। পাঁচ মিনিট পর ব্যবধান ২-০ করেন ওমর মারমুশ। ম্যাচের ৩৮তম মিনিটে মোহাম্মদ হানির গোলে আরো এগিয়ে যায় মিশর।
প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় মিশর। এরপর দ্বিতীয়ার্ধ ছিল শুধু মিশরীয় পোস্টারবয় মোহাম্মদ সালাহ-র।
ম্যাচের ৮৪তম মিনিটে প্রথম গোল করে সাবেক সতীর্থ হোসাম হাসানের ৬৯ গোলের রেকর্ডে ভাগ বসান সালাহ। যোগ করা সময়ে প্যানেনকা শটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। জাতীয় দলের জার্সিতে এটি ছিল তার ৭০তম গোল। এই গোলের মধ্যে দিয়ে মিশরের ইতিহাসে এককভাবে সর্বোচ্চ গোলদাতা এখন সালাহ।
২০১১ সালে জাতীয় দলে অভিষেকের পর এখন পর্যন্ত ১২৩ ম্যাচ খেলেছেন সালাহ। বর্তমানে তুরস্কের ক্লাব ত্রাবজোনস্পোরে খেলছেন তিনি।
চলতি মৌসুমে লিগে ১১ ম্যাচে ৯ গোল করেছেন এ ফরোয়ার্ড। তুরস্কের সুপার লিগে ২০১৪-১৫ মৌসুম থেকে পরিসংখ্যান সংরক্ষণ শুরুর পর প্রথম খেলোয়াড় হিসেবে প্রথম সাত ম্যাচে ১০টি গোলে অবদান রাখার কীর্তিও গড়েছেন তিনি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








