লিওনেল মেসি, অবসর, আর্জেন্টিনা, উরুগুয়ে, হুলিয়ান আলভারেজ, আত্মঘাতী গোল, ম্যাক্সি আরাউহো, প্রীতি ম্যাচ, বেনিন, নিকো পাজ, ক্রিস্টোফার ফিরমারিন, জর্জিয়ান দে আরাসকায়েতা, লিসান্দ্রো মার্তিনেজ, লিওনার্দো বালেরদি, কর্নার, অ্যাথলেতিকো মাদ্রিদ, স্ট্রাইকার, আর্জেন্টিনার হার, আর্জেন্টিনা ফুটবল দল, উরুগুয়ে ফুটবল দল, আর্জেন্টিনা বনাম উরুগুয়ে, মেসি, মেসির বিদায়
আর্জেন্টিনা বনাম উরুগুয়ের ম্যাচের একটি দৃশ্য। সংগৃহীত

লিওনেল মেসির অনুপস্থিতিতে নতুন এক অধ্যায় শুরু হলো আর্জেন্টিনার। তবে সেই শুরুটা হলো হার দিয়ে। উরুগুয়ের বিপক্ষে ২-১ গোলে হেরেছে সাবেক বিশ্বকাপজয়ীরা। 

Advertisement

ম্যাচে আর্জেন্টিনার হয়ে গোল করেছেন হুলিয়ান আলভারেজ। অন্যদিকে আত্মঘাতী গোলের পাশাপাশি ম্যাক্সি আরাউহোর গোল উরুগুয়েকে এনে দিয়েছে জয়।

বাংলাদেশ সময় শনিবার (১৪ নভেম্বর) ভোরে অনুষ্ঠিত প্রীতি ম্যাচের প্রথমার্ধে দুই দলের কেউই গোলের দেখা পায়নি। তবে বিরতির পর দ্রুত দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় উরুগুয়ে। আর্জেন্টিনা শেষ দিকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও সমতায় ফেরা হয়নি।

গত মাসে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামেন মেসি। ৩৯ বছর বয়সী এই মহাতারকার আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তির পর এটাই ছিল আর্জেন্টিনার প্রথম ম্যাচ। 

তবে মেসিহীন যুগের প্রথম পরীক্ষায় জয় তুলে নিতে পারল না আলবিসেলেস্তেরা। তাকে ছাড়া মাঠে নেমে শুরু থেকেই আর্জেন্টিনার আক্রমণে সেই চেনা ধার দেখা যায়নি। 

প্রথমার্ধে নিকো পাজ একটি ভালো সুযোগ তৈরি করলেও উরুগুয়ের গোলরক্ষক ক্রিস্টোফার ফিরমারিন দারুণ দক্ষতায় তা ঠেকিয়ে দেন। বিপরীতে পরিকল্পিত রক্ষণ ও কার্যকর আক্রমণে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে উরুগুয়ে।

এরপর দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে দুর্ভাগ্যজনক এক আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। জর্জিয়ান দে আরাসকায়েতার বাঁ প্রান্ত থেকে নেয়া ফ্রি-কিক বিপদ তৈরি করে আর্জেন্টিনার রক্ষণে। 

লিসান্দ্রো মার্তিনেজের হেডে ক্লিয়ার করতে যাওয়া বল সতীর্থ লিওনার্দো বালেরদির গায়ে লেগে জালে জড়িয়ে যায়। তাতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় উরুগুয়ে।

এরপর ৫৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে উরুগুয়ে। দে আরাসকায়েতার কর্নার থেকে আসা বলে কাঁধের স্পর্শে জালে বল পাঠান ম্যাক্সি আরাউহো। দুই গোলের ধাক্কা সামলে ম্যাচে ফেরার চেষ্টা চালায় আর্জেন্টিনা। কিন্তু উরুগুয়ের জমাট রক্ষণ ভাঙতে বেশ বেগ পেতে হয় তাদের।

অবশেষে ৭৩ মিনিটে ব্যবধান কমান হুলিয়ান আলভারেজ। অ্যাথলেতিকো মাদ্রিদের এই স্ট্রাইকারের গোলে ম্যাচে ফেরার আশা জাগে আর্জেন্টিনার। যোগ করা সময়েও সমতা ফেরানোর সুযোগ পেয়েছিলেন তিনি।

তবে উরুগুয়ের রক্ষণভাগের দৃঢ়তায় শেষ পর্যন্ত আর গোল পায়নি আর্জেন্টিনা। ফলে হার মেনে নিয়েই মাঠ ছাড়তে হয় আলবিসেলেস্তাদের।