
পাঁচ মাস আগে জাপানের বিপক্ষে শেষ মুহূর্তের জয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছিল ব্রাজিল। তবে শনিবার সিঙ্গাপুরে দুই দলের প্রীতি ম্যাচে কোচ কার্লো আনচেলত্তির লক্ষ্য আরো দীর্ঘমেয়াদি।
গত জুনে হিউস্টনে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে গোল করে ব্রাজিলকে ২-১ ব্যবধানে জয় এনে দিয়েছিলেন গ্যাব্রিয়েল মার্টিনেলি। ব্রাজিলের হতাশাজনক বিশ্বকাপ অভিযান শেষ হয় কোয়ার্টার ফাইনালে নরওয়ের কাছে হেরে।
এবার ভবিষ্যতের দল গড়ার কাজে মনোযোগী আনচেলত্তি। চলতি সপ্তাহে জাপান এবং মঙ্গলবার সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত ব্রাজিলের ২৬ সদস্যের দলে ২৩ বছরের কম বয়সী খেলোয়াড় রয়েছেন ১৫ জন।
শুক্রবার সাংবাদিকদের আনচেলত্তি বলেন, বিশ্বকাপ একটি প্রজন্মের খেলোয়াড়দের চক্রের সমাপ্তি ঘটিয়েছে।
‘আমরা এখন নতুন একটি প্রজন্ম গড়ে তুলছি, যারা ২০২৮ সালের কোপা আমেরিকা এবং ২০৩০ সালের বিশ্বকাপসহ আমাদের পরবর্তী আনুষ্ঠানিক প্রতিযোগিতাগুলোতে মনোযোগী ও প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ থাকবে।’
‘আমার মনে হয়, আমাদের অনেক সম্ভাবনা রয়েছে। আমরা তরুণ খেলোয়াড়দের দিকে নজর দিচ্ছি। এখানে কয়েকজন নতুন খেলোয়াড়ও রয়েছে। তাদের পারফরম্যান্সে আমরা খুবই সন্তুষ্ট।’
‘আমাদের দলে অনেক গুণসম্পন্ন ও প্রতিভাবান তরুণ খেলোয়াড় আছে। তাই ভবিষ্যৎ নিয়ে আমরা আত্মবিশ্বাসী।’
৬৭ বছর বয়সী এই কোচ বিশেষভাবে কারো প্রশংসা করতে রাজি হননি।
তিনি বলেন, ‘অনুশীলনে তাদের মনোভাব এবং মনোযোগ দেখলেই বোঝা যায়। ভবিষ্যৎ নিয়ে তারা সবাই আমাদের অনেক আত্মবিশ্বাস জুগিয়েছে। কারণ, আমরা দেখতে পাচ্ছি, আমাদের দলে অনেক গুণসম্পন্ন খেলোয়াড় রয়েছে।’
‘তাদের অভিজ্ঞতার কিছুটা ঘাটতি থাকতে পারে, তবে তরুণ খেলোয়াড়দের ক্ষেত্রে এটি স্বাভাবিক।’
জাপানের বিপক্ষে ম্যাচে অধিনায়কত্ব করবেন দুর্দান্ত ফর্মে থাকা বার্সেলোনা স্ট্রাইকার রাফিনিয়া।
রাফিনিয়া বলেন, ‘আমার প্রত্যাশা ভালো। অবশ্যই আমরা নতুন খেলোয়াড়দের নিয়ে পুনর্গঠন-প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। তবে আমি এমন খেলোয়াড়দের দেখছি, যাদের অনেক গুণ রয়েছে এবং জাতীয় দলের জার্সির জন্য নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দেয়ার প্রবল ইচ্ছা আছে।’
‘এটি বিশ্বকাপ মানের একটি ম্যাচ, যেমনটি আমরা গত বিশ্বকাপেও দেখেছি। জাপানের জাতীয় দলের সামর্থ্য সম্পর্কে আমাদের ধারণা আছে। তাই ম্যাচটি খুব কঠিন হবে।’
হ্যামস্ট্রিং চোটের কারণে বিশ্বকাপে মাত্র দু’টি ম্যাচ খেলতে পেরেছিলেন রাফিনিয়া।
এদিকে, আগামী মঙ্গলবার সিঙ্গাপুরে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের পর জাপানের অনূর্ধ্ব-২৩ দলের কোচ গো ওইওয়ার কাছে দেশটির বর্তমান কোচ হাজিমে মোরিয়াসু দায়িত্ব হারাতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তিনি এরই মধ্যে জাপানের দায়িত্বে কাটানো আট বছরের দিকে ফিরে তাকিয়েছেন।
মোরিয়াসু বলেন, ‘আমরা অনেক কিছু করতে পেরেছি, সাফল্যও পেয়েছি। তবে এমন কিছু বিষয়ও ছিল, যা আমরা করতে পারিনি।’
‘আমি দলের বিকল্প খেলোয়াড়ের সংখ্যা ও গভীরতা বাড়াতে পেরেছি।’ বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








