
মাইকেল ক্যারিককে বরখাস্ত করার পর শুক্রবার মরিসিও পচেত্তিনোকে নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
এক বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করা পচেত্তিনো আগামী ১৮ নভেম্বর থেকে ইউনাইটেডের দায়িত্ব নেবেন। এর আগে হাইতির বিপক্ষে যুক্তরাষ্ট্রের দু’টি ম্যাচ রয়েছে।
ইউনাইটেড জানায়, ‘যুক্তরাষ্ট্রের পুরুষ জাতীয় দলের হয়ে দায়িত্ব শেষ হওয়ার পর মরিসিও ও তার কোচিং স্টাফকে ছেড়ে দেয়ার বিষয়ে দেশটির ফুটবল ফেডারেশনের সাথে সমঝোতায় পৌঁছেছে ক্লাব।’
বিবৃতিতে আরো বলা হয়, ‘আর্জেন্টাইন এই কোচ উচ্চগতির আক্রমণাত্মক ফুটবলের জন্য পরিচিত। শক্তিশালী ও ঐক্যবদ্ধ দল গড়ে তোলার প্রতি তার নিবেদন এবং ব্যক্তিগত খেলোয়াড়দের উন্নয়নে অসাধারণ সাফল্য রয়েছে। বিভিন্ন লিগে সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে ধারাবাহিকভাবে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন পচেত্তিনো।’
চলতি বছরের শুরুতে নিজেদের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে শেষ ষোলো উপহার দিয়েছিলেন পচেত্তিনো। এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগে সাউদাম্পটন, টটেনহ্যাম ও চেলসির কোচের দায়িত্ব পালন করেছেন তিনি।
ইউনাইটেডের দায়িত্ব নিয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন পচেত্তিনো। প্রিমিয়ার লিগে ক্লাবটি ইতিহাসের সবচেয়ে বাজে মৌসুম শুরুর অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে।
২০ বারের ইংলিশ চ্যাম্পিয়নরা এখন রেলিগেশন জোনে রয়েছে। চলতি লিগে ১০ ম্যাচ খেলে তারা জয় পেয়েছে মাত্র একটিতে।
যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশনের প্রকাশিত বিবৃতিতে পচেত্তিনো বলেন, ‘যুক্তরাষ্ট্রের জাতীয় দলের প্রতীক বহন করার সুযোগ পাওয়া আমার ক্যারিয়ারের অন্যতম বড় সম্মান।’
‘খেলোয়াড়দের নিবেদন, সমর্থকদের আস্থা এবং আমাদের কোচিং স্টাফকে সব সময় সমর্থন দেয়া ও এই মহান দেশে ফুটবলের সংস্কৃতিতে প্রভাব রাখার সুযোগ তৈরি করে দেয়ার জন্য ফেডারেশনের প্রতি আমরা অত্যন্ত কৃতজ্ঞ।’
যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশনের প্রধান নির্বাহী ও মহাসচিব জেটি ব্যাটসন বলেন, ৫৪ বছর বয়সী পচেত্তিনো তার নেতৃত্ব, পেশাদারিত্ব এবং খেলোয়াড় ও ফুটবল সংস্কৃতির প্রতি অঙ্গীকারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ফুটবলে ‘স্থায়ী ছাপ’ রেখে গেছেন।
ইউনাইটেডের পরবর্তী ম্যাচ আগামী ২২ নভেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলের বিপক্ষে। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








