
আন্তর্জাতিক ফুটবলে ব্যস্ত সময় পার করছে জাতীয় দলগুলো। সেই ধারাবাহিকতায় শনিবার (১৪ নভেম্বর) মাঠে নামছে দক্ষিণ আমেরিকার দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল। দুই দলের ম্যাচ ঘিরেই ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে থাকছে আলাদা দু’টি লড়াই।
একদিকে লিওনেল মেসিকে ছাড়া নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে এশিয়ার শক্তিশালী দল জাপানের বিপক্ষে নিজেদের সামর্থ্য যাচাই করবে কার্লো আনচেলত্তির ব্রাজিল।
বাংলাদেশ সময় শনিবার ভোর ৫টায় উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। বুয়েনস এইরেসের বিখ্যাত লা বোম্বোনেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এটি হবে মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর আর্জেন্টিনার প্রথম ম্যাচ।
গত ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে জাতীয় দলের হয়ে শেষবার মাঠে নেমেছিলেন আর্জেন্টাইন মহাতারকা।
মেসির বিদায়ের পর নতুন বাস্তবতায় দল সাজাতে হচ্ছে কোচ লিওনেল স্ক্যালোনিকে। নভেম্বরের দু’টি প্রীতি ম্যাচ সামনে রেখে ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন তিনি।
দলে আছেন আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ ও হুলিয়ান আলভারেজের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়। চেলসির ডিফেন্ডার অ্যারন আনসেলমিনো প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন।
তবে চোটের কারণে লাওতারো মার্তিনেজ ও ক্রিস্তিয়ান রোমেরো নেই। গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজও চোয়ালের চোটে ভুগছেন।
অন্যদিকে শনিবার বিকেল ৪টা ১৫ মিনিটে জাপানের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। আনচেলত্তির অধীনে নতুন করে দল গুছিয়ে নেয়ার পথে থাকা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের জন্য এটি গুরুত্বপূর্ণ পরীক্ষা।
ব্রাজিল দলে এবার নতুনদের উপস্থিতি চোখে পড়ার মতো। দলের ভবিষ্যৎ পরিকল্পনায় তরুণদের যাচাই করে দেখছেন আনচেলত্তি। অন্যদিকে জাপানের দলে আছেন তাকেফুসা কুবো, তাকুমি মিনামিনো, রিতসু দোয়ান ও দাইজেন মায়েদার মতো পরিচিত মুখ। ফলে ম্যাচটি ব্রাজিলের জন্য সহজ হওয়ার কথা নয়।
জাপানের বিপক্ষে ম্যাচের তিন দিন পর, ১৭ নভেম্বর একই স্টেডিয়ামে স্বাগতিক সিঙ্গাপুরের মুখোমুখি হবে ব্রাজিল। অন্যদিকে আর্জেন্টিনার পরবর্তী প্রতিপক্ষ কোস্টারিকা। ১৭ নভেম্বর কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে হবে সেই ম্যাচ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








