
২০০৫ সালে পাকিস্তানের করাচিতে স্বাগতিকদের হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল বাংলাদেশ। এরপর কেটে গেছে ২১ বছর। এই দীর্ঘ সময়ে আর ফাইনালে খেলা হয়নি লাল-সবুজের দলের। এবার সেই পাকিস্তানই আবার বাংলাদেশের সামনে, সাফের সেমিফাইনালে।
প্রতিপক্ষ, টুর্নামেন্ট—সবই এক, শুধু বদলে গেছে সময় ও ভেন্যু। আগামীকাল শনিবার রাত সাড়ে ৮টায় ঢাকায় মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। ২১ বছর পর আবারও ফাইনালে ওঠার সুযোগ বাংলাদেশের সামনে।
২০০৫ সালের ১৪ ডিসেম্বর করাচির পিপলস স্টেডিয়ামে সেমিফাইনালে পাকিস্তানকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ম্যাচের ৪৪ মিনিটে পেনাল্টি থেকে গোলটি করেছিলেন ডিফেন্ডার মোহাম্মদ সুজন। বিজয় দিবসের মাত্র দুই দিন আগে পাকিস্তানের মাটিতে পাওয়া সেই জয় বাংলাদেশের ফুটবলে বিশেষ স্মৃতি হয়ে আছে।
এরপর সাফের আটটি আসরে অংশ নিয়েছে বাংলাদেশ। কিন্তু কোনোবারই ফাইনালে উঠতে পারেনি দল। কখনো গ্রুপ পর্বে, কখনো সেমিফাইনালে থেমেছে বাংলাদেশের যাত্রা। দীর্ঘ অপেক্ষার পর এবার আবারও শেষ চারে জায়গা করে নিয়েছে দল। সামনে এখন ফাইনালের দরজা খোলার সুযোগ।
পাকিস্তানের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানেও এগিয়ে বাংলাদেশ। দুই দলের ১৮ ম্যাচে বাংলাদেশের জয় সাতটি, বিপরীতে পাকিস্তানের ছয়টি। বাকি পাঁচ ম্যাচ হয়েছে ড্র।
১৯৯৯ সালের সাফে পাকিস্তানকে ৪-০ গোলে হারিয়েছিল লাল-সবুজের দল। ২০০৫ সালের সাফে ১-০ গোলের জয়ের পাশাপাশি ২০১১ বিশ্বকাপ বাছাইপর্বে ঢাকায় পাকিস্তানকে ৩-০ গোলে হারানোর স্মৃতিও আছে। সর্বশেষ ২০১৮ সালের সাফেও ১-০ গোলে জয় পায় বাংলাদেশ।
তবে অতীতের জয় কিংবা পরিসংখ্যান দিয়ে সেমিফাইনাল জেতা যাবে না। পাকিস্তানও সহজ প্রতিপক্ষ নয়। বিদেশের বিভিন্ন লিগে খেলা একাধিক ফুটবলার আছেন তাদের দলে। গ্রুপ পর্বে ভারতের কাছে হারলেও মালদ্বীপকে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে দলটি।
২১ বছর আগে করাচিতে পাকিস্তানকে হারিয়ে যে ফাইনালের টিকিট পেয়েছিল বাংলাদেশ, এবার ঢাকায়ও কি ফিরবে সেই আনন্দ? দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ফাইনালে ওঠার স্বপ্ন এখন বাংলাদেশের সামনে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








