সাফ চ্যাম্পিয়নশিপ, বাংলাদেশ, শ্রীলঙ্কা, জাতীয় স্টেডিয়াম, ক্রীড়া সাংবাদিক, পেশাগত দায়িত্ব পালন, পুলিশ, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাফুফে, সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন, ক্ষতিপূরণ, হামলা, 
ঢাকা রিপোর্টার্স ইউনিটি। সংগৃহীত

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ শেষে জাতীয় স্টেডিয়ামের নির্ধারিত মিক্সড জোনে পেশাগত দায়িত্ব পালনকালে ক্রীড়া সাংবাদিকদের ওপর পুলিশ সদস্যদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

Advertisement

শুক্রবার (১৩ নভেম্বর) ডিআরইউর দফতর সম্পাদক রাশিম মোল্লার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। ডিআরইউর কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এ নিন্দা ও প্রতিবাদ জানান।

ডিআরইউর বিবৃতিতে অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলায় জড়িত পুলিশ সদস্যদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি, আহত সাংবাদিকদের সুচিকিৎসা ও ক্ষতিপূরণ এবং সাংবাদিকদের নিরাপদে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।

একই সাথে ডিআরইউ ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনকে (সাফ) কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়।

নেতারা বলেন, বৈধ অ্যাক্রিডিটেশন কার্ড প্রদর্শন করে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা অত্যন্ত ন্যক্কারজনক, অনভিপ্রেত ও স্বাধীন সাংবাদিকতার পরিপন্থি। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের শারীরিকভাবে লাঞ্ছিত ও আহত হওয়ার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে বলা হয়, হামলায় একটি বেসরকারি টেলিভিশনের সিনিয়র রিপোর্টার নাহিয়ান বিন জসীম, স্পোর্টস রিপোর্টার হাসান সজিব ও ক্যামেরাপার্সন কে এম মিজান আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে হাসান গুরুতর আহত হয়েছেন ও মিজানের ক্যামেরা ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আয়োজক ও স্বাগতিক সংস্থার ব্যর্থতাও স্পষ্ট হয়েছে।

ডিআরইউ নেতারা বলেন, আন্তর্জাতিক টুর্নামেন্টে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করা আয়োজকদের দায়িত্ব। অথচ সাফ চ্যাম্পিয়নশিপে মিক্সড জোন ও মিডিয়া ট্রিবিউনে অব্যবস্থাপনা এবং সমন্বয়হীনতার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক।