
শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের দাপুটে জয়ের পর দলের পুরো মনোযোগ এখন পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ সেমিফাইনাল ম্যাচে, এমনটাই জানিয়েছেন মিডফিল্ডার জামাল ভূঁইয়া।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর এবিজি স্পোর্টস সিটির বসুন্ধরা কিংস অ্যারেনায় দলের অনুশীলন শুরুর আগে সাংবাদিকদের সাথে কথা বলার সময় জামাল বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে জয় এবং গোল হজম না করার সাফল্য সেমিফাইনালের আগে দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে।’
শ্রীলঙ্কার বিপক্ষে ফরহান আলী ওয়াহিদের দুর্দান্ত গোল প্রসঙ্গে জামাল বলেন, ‘জাতীয় স্টেডিয়ামে দেখা অন্যতম সেরা গোল এটি।’
হামজা চৌধুরীর দৃষ্টিনন্দন বাইসাইকেল কিকের পাশাপাশি ফরহানের গোলটিও এই স্টেডিয়ামে করা সেরা গোলগুলোর একটি হিসেবে স্মরণীয় হয়ে থাকতে পারে। তবে জামালের মতে, আন্তর্জাতিক তারকাদের সাথে তুলনা না করে তরুণ এই ফরোয়ার্ডকে নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তোলার সুযোগ দেয়া উচিত।
বাংলাদেশের সাবেক অধিনায়ক স্কোয়াডের গভীরতা ও খেলোয়াড়দের ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর গুরুত্বও তুলে ধরেন। বিশেষ করে মাত্র দুই দিনের ব্যবধানে ম্যাচ হওয়ায় বিষয়টি আরো গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।
এক প্রশ্নের জবাবে সাদ উদ্দিনের চোট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জামাল। তার ভাষ্য অনুযায়ী, এই ডিফেন্ডার গোঁড়ালির টেন্ডনে চোট পেয়েছেন। এতে দীর্ঘ সময়ের জন্য, সম্ভবত এক বছর পর্যন্ত, মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।
শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ পারফরম্যান্সের পর হামজা চৌধুরীও আলোচনার অন্যতম বিষয় ছিলেন।
শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডারের প্রশংসা করে জামাল বলেন, ‘দলের জন্য অসাধারণ অবদানের কারণে হামজার অধিনায়কের আর্মব্যান্ড পাওয়ার যোগ্যতা রয়েছে।’
জামাল বলেন, ‘হামজার অধিনায়কত্ব পাওয়ার যোগ্যতা আছে। সে দারুণ ফুটবল খেলেছে। সে দলের অন্যতম বড় তারকা ও সেরা খেলোয়াড়দের একজন। তার জন্য আমি সত্যিই খুব খুশি।’
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








