
বাংলাদেশের কাছে ৪-০ গোলের বড় হার। তাতে সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কার। মাঠের ব্যর্থতার পর সংবাদ সম্মেলনে অবশ্য দলের পারফরম্যান্সের চেয়ে সাফের কর্মকাণ্ড নিয়েই বেশি সরব হলেন লঙ্কান কোচ আব্দুল্লাহ আল মুতাইরি।
বুধবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শুরুতেই বাংলাদেশকে অভিনন্দন জানান মুতাইরি। এরপরই টুর্নামেন্টকে বর্ণবিদ্বেষী আখ্যা দিয়ে দক্ষিণ এশিয়ার ফুটবলে আর কোচিং না করানোর ঘোষণাও দিয়েছেন তিনি।
সেই সাথে সাফের পাঠানো একটি চিঠির প্রসঙ্গ তোলেন তিনি। নিজের মোবাইল ফোন দেখিয়ে বলেন, ‘আমাকে মধ্যরাতে নোটিশ দেয়া হয়েছে। মধ্যরাতে আমার স্ত্রীও ডাকে না, সেখানে সাফ মধ্যরাতে চিঠি দিয়েছে।’
ভুটান-শ্রীলঙ্কা ম্যাচের পর রেফারিং ও সাফের সমালোচনা করেছিলেন মুতাইরি। এর পরিপ্রেক্ষিতে সাফের লিগ্যাল অফিসার তানজিম তাকে চিঠি দেন। সংবাদ সম্মেলনে বারবার সেই কর্মকর্তার নাম উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন শ্রীলঙ্কার কোচ।
মুতাইরির অভিযোগ, সাফের আচরণে বৈষম্য রয়েছে। উদাহরণ হিসেবে ২০২৩ সালে ভারত ও পাকিস্তানের একটি ম্যাচের ঘটনা টেনে তিনি বলেন, ‘ভারতের কোচ পাকিস্তানের খেলোয়াড়কে আঘাত করেছিলেন। এই তানজিম সাহেব তো তাকে কিছু বলেননি। কারণ, তিনি ভারতের কোচ ও ইউরোপিয়ান।’
নিজের বিরুদ্ধে আনা অভিযোগেরও প্রতিবাদ করেন তিনি। বলেন, ‘আমি কি ভুটানের কোনো খেলোয়াড়কে আঘাত করেছি? রেফারি কিংবা সাফ নিয়ে আক্রমণাত্মক কিছু বলেছি? এরপরও কেন আমাকে মধ্যরাতে চিঠি দেবে? আমি একজন ইউরোপিয়ান হলে কি তারা দিতে পারত?’
সাফের সাথে এমন অভিজ্ঞতা এবারই প্রথম নয় বলে দাবি মুতাইরির। ২০২১ সালে মালদ্বীপে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘সাফ আমার সাথে এরকম আচরণ বরাবরই করছে। ২০২১ সালে আমাকে একাধিকবার কার্ড দিয়েছে। এবারও বাংলাদেশ ম্যাচের আগের দিন আমাকে এ রকম চিঠি দেয়া হলো।’
তানজিমের সমালোচনা করে মুতাইরি আরো বলেন, ‘তানজিম সাহেবের অনেক ক্ষমতা, কিন্তু আল্লাহর কাছে একদিন তার বিচার হবে।’
তবে সংবাদ সম্মেলনের শেষ দিকে বাংলাদেশের তরুণ ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদের প্রশংসা করতে ভোলেননি তিনি। সাফ শুরুর আগেই ফারহানকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করেছিলেন এই কোচ। বলেছিলেন, ‘আগামী ১০ বছরের মধ্যে দক্ষিণ এশিয়ার সেরা ফুটবলার হবেন তিনি।’
বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের দুর্দান্ত গোল যেন সেই প্রশংসারই প্রতিফলন। আগেই ফারহানের জার্সি নেয়ার কথা জানিয়েছিলেন মুতাইরি। ম্যাচ শেষে সেটিও সংগ্রহ করেছেন।
ফারহানের গোল নিয়ে প্রশ্ন করা হলে সংবাদ সম্মেলন থেকে বেরিয়ে যেতে যেতে বলেন, ‘ফারহানের গোল অসাধারণ হয়েছে। আমি তার জার্সি নিয়েছি। আমি আর সাফে কোচিং করাব না। সাফ একপ্রকার বর্ণবিদ্বেষ, বিশেষ করে আরব অঞ্চলের প্রতি।’
উল্লেখ্য, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে মাঠে বাংলাদেশের কাছে পুরোপুরি পরাস্ত হয়েছে মুতাইরির দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সেমিফাইনালে ওঠার জন্য তাদের প্রয়োজন ছিল অন্তত একটি ড্র। কিন্তু ৪-০ গোলের হারে টুর্নামেন্ট থেকেই বিদায় নিতে হয়েছে লঙ্কানদের।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








