সাদ উদ্দিন, সাফ চ্যাম্পিয়নশিপ, সেমিফাইনাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইনজুরি, টুর্নামেন্ট, ডিফেন্ডার, হাসপাতাল, অ্যাম্বুলেন্স, অস্ত্রোপচার, ইন্দোনেশিয়া, আসিয়ান কাপ, ফিফা, বাংলাদেশ ফুটবল দলের কোচ, টমাস ডুলি, তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, পূর্ণাঙ্গ অনুশীলন,  আমিরুল ইসলাম বাবু, ইকবাল হোসেন, আমের খান, ইমতিয়াজ হামিদ সবুজ
ডিফেন্ডার সাদ উদ্দিন। সংগৃহীত

শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। ঘরের মাঠে এমন দাপুটে জয়ের আনন্দের মাঝেই দুঃসংবাদ পেল লাল-সবুজের দল। গুরুতর চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার সাদ উদ্দিন।

Advertisement

বুধবার (১১ নভেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের ৮১ মিনিটে গোড়ালিতে চোট পান সাদ। ব্যথার তীব্রতায় মাঠে আর দাঁড়িয়ে থাকতে পারেননি তিনি। স্ট্রেচারে করে মাঠ থেকে বের করে সরাসরি অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেয়া হয় তাকে।

পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেছে, গোড়ালির টেন্ডনে চিড় ধরেছে। অস্ত্রোপচার লাগবে কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে দলীয় সূত্রের খবর, এবারের সাফে আর খেলা হচ্ছে না তার।

ইন্দোনেশিয়ায় সর্বশেষ ফিফা আসিয়ান কাপ থেকেই দারুণ ছন্দে ছিলেন সাদ। সাফের প্রথম দুই ম্যাচেও একাদশে থেকে রক্ষণ সামলেছেন আস্থার সাথে। গুরুত্বপূর্ণ এই ডিফেন্ডারের ছিটকে যাওয়া তাই সেমিফাইনালের আগে বড় ধাক্কা বাংলাদেশের জন্য। 

ম্যাচ শেষে কোচ টমাস ডুলি নিজেও সাদের চোটের গুরুত্ব স্বীকার করেছেন। তার কথায়, টুর্নামেন্টে সাদকে ফিরে পাওয়ার সম্ভাবনা প্রায় নেই।

তবে রক্ষণভাগ নিয়ে পুরোপুরি দুশ্চিন্তায় থাকতে হচ্ছে না কোচকে। চোটের কারণে কয়েক দিন মাঠের বাইরে থাকা তপু বর্মণ ও বিশ্বনাথ ঘোষ বুধবার দলের সাথে প্রায় পূর্ণাঙ্গ অনুশীলন করেছেন। আগের দিনের ম্যাচে না খেলা ফুটবলাররা এদিন সকালের অনুশীলনে অংশ নেন। শ্রীলঙ্কার বিপক্ষে খেলা ফুটবলাররা কাটিয়েছেন হোটেলে পুনর্বাসন সেশনে।

এদিকে আট বছর পর ঘরের মাঠে সাফ আয়োজনের মাঝে দলের ব্যবস্থাপনা নিয়ে কিছু প্রশ্ন উঠেছে। দলের আনুষ্ঠানিক দলনেতা ও বাফুফে নির্বাহী সদস্য ইকবাল হোসেনকে গত কয়েক দিন অনুশীলন কিংবা স্টেডিয়ামে দেখা যায়নি। 

ম্যানেজারের দায়িত্বে আমিরুল ইসলাম বাবু থাকলেও দলের সমন্বয়ের বড় অংশ সামলাচ্ছেন কো-অর্ডিনেটর আমের খান। অন্যদিকে, দলের আনুষ্ঠানিক কোনো পদে না থেকেও ক্যাম্প শুরুর পর থেকে হোটেল, বিমানবন্দর ও অনুশীলন মাঠে নিয়মিত দায়িত্ব পালন করছেন বাফুফে সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ।