হ্যামস্ট্রিং ইনজুরি, ইতালি, কিলিয়ান এমবাপ্পে, উয়েফা নেশনস লিগ, ফ্রান্স, কোচ, জিনেদিন জিদান, সান সিরো স্টেডিয়াম, সংবাদ সম্মেলন, তুরস্ক, ব্র্যাডলি বারকোলা, মাইকেল অলিসে, রায়ান শেরকি, দেজিরে দুয়ে, চ্যাম্পিয়ন্স লিগ, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, ব্যালন ডি’অর
কিলিয়ান এমবাপ্পে, ইনসেটে ফ্রান্সের কোচ জিনেদিন জিদান। সংগৃহীত

উয়েফা নেশনস লিগে ইতালির বিপক্ষে ম্যাচের আগে দুঃসংবাদ পেল ফ্রান্স। হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি থাকায় এই ম্যাচে খেলতে পারবেন না দলের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না কোচ জিনেদিন জিদান। 

Advertisement

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১টা ৪৫ মিনিটে ইতালির মিলানের সান সিরো স্টেডিয়ামে মুখোমুখি হবে ইতালি ও ফ্রান্স। ইতালির স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।

ম্যাচের আগের সংবাদ সম্মেলনে জিদান জানান, ‘কিলিয়ান আগামীকাল খেলতে পারবে না। সে সামান্য অস্বস্তি অনুভব করেছে। বরাবরের মতোই আমরা কোনো ঝুঁকি নিতে চাই না। এ ধরনের ঘটনা দুর্ভাগ্যজনক, তবে খেলাধুলারই অংশ। আশা করি, রোববার তাকে দলে পাবো।’

কালুলু, চুয়ামেনি ও মার্কাস থুরামের মতো এমবাপ্পেকেও অবশ্য মাদ্রিদে ফেরত পাঠানো হচ্ছে না। তিনি ফ্রান্স দলের সাথেই থাকবেন। আগামী রোববার লিওঁতে তুরস্কের বিপক্ষে ম্যাচে কিছু সময় খেলার আশায় আছেন এই ফরোয়ার্ডের। 

জিদান বলেন, ‘আমার মনে হয়, সে ভালো আছে। সে আমাদের সাথেই থাকছে, এটাই তার প্রমাণ। তবে সে খুশি নয়; আগামীকাল খেলতে চেয়েছিল। মৌসুম এখনো অনেক দীর্ঘ, তাই আমাদের কোনো ঝুঁকি নেয়া উচিত হবে না।’

এমবাপ্পেকে না পাওয়ায় আক্রমণভাগে পরিবর্তন আনতে হবে ফ্রান্সকে। প্রাথমিকভাবে স্ট্রাইকার হিসেবে ব্র্যাডলি বারকোলাকে খেলানোর কথা ভাবছেন জিদান। তার পেছনে থাকতে পারেন মাইকেল অলিসে, রায়ান শেরকি ও দেজিরে দুয়ে। থুরামের অনুপস্থিতিতে গতকাল দলে ডাক পেয়েছেন কুরপি। শেষ মুহূর্তে স্কোয়াডে যোগ হয়েছেন মায়ুলুও।

দল নির্বাচন নিয়ে জিদান বলেন, ‘খেলোয়াড় নির্বাচন করি আমি, তবে কখনো কখনো এমন পরিস্থিতি তৈরি হয়। নভেম্বরে লিগ ও চ্যাম্পিয়ন্স লিগের ব্যস্ত সূচির মধ্যে এসব মেনে নিতে হয়। বিষয়টি দুর্ভাগ্যজনক। কোচ হিসেবে এমন পরিস্থিতি খুবই হতাশাজনক, কিন্তু আমাদের হাতে অন্য কোনো উপায় নেই।’

তবে এমবাপ্পের অনুপস্থিতিকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চান না ফ্রান্স কোচ। তার বিশ্বাস, দলে ভালো খেলার মতো যথেষ্ট খেলোয়াড় আছেন। জিদানের ভাষায়, ‘আমাদের এমন খেলোয়াড় আছে, যারা ভালো পারফর্ম করতে পারে। বিকল্প না থাকলে যাদের পাওয়া যায়, তাদের নিয়েই মাঠে নামতে হবে ও জয়ের চেষ্টা করতে হবে।’

সংবাদ সম্মেলনে নিজের খেলোয়াড়ি জীবনের স্মৃতিও রোমন্থন করেছেন জিদান। রিয়াল মাদ্রিদকে নবম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতানোর মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পেলেও খেলোয়াড় হিসেবে তার সেরা সময় কেটেছে ইতালির ক্লাব জুভেন্টাসে। ১৯৯৮ সালে এই ক্লাবে খেলতে থাকতেই ব্যালন ডি’অর জিতেছিলেন তিনি।

জিদান বলেন, ‘তুরিনে যখন গিয়েছিলাম, তখন খুব একটা ভালো খেলছিলাম না। সংবাদমাধ্যম ও দর্শকদের অনেকেই মনে করতেন, আমি যথেষ্ট ভালো নই। লিপ্পি আমাকে বলেছিলেন, তার অধীনে আমাকে খেলতেই হবে। এরপর আমি চেষ্টা চালিয়ে গেছি।’

বর্তমান জুভেন্টাসের কোচ হওয়ার সম্ভাবনা নিয়েও প্রশ্ন করা হয়েছিল তাকে। ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব নেয়ার পরও ভবিষ্যতে তুরিনের ক্লাবটির ডাগআউটে বসার সম্ভাবনা উড়িয়ে দেননি জিদান। হাসিমুখে বলেছেন, ‘ভবিষ্যতে কেন নয়?’