
বাংলাদেশের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সংবাদমাধ্যমের সাথে রসিকতায় মেতে উঠলেন শ্রীলঙ্কার কোচ আব্দুল্লাহ আল মুতাইরি। কখনো স্ত্রীর নিষেধের কথা বলে সাক্ষাৎকার দিতে অস্বীকৃতি, কখনো বাংলাদেশের সংবাদমাধ্যমকে স্ত্রীর সাথে তুলনা করে খোঁচা—সব মিলিয়ে সংবাদ সম্মেলনে বেশ সরব ছিলেন কুয়েতি এই কোচ।
মঙ্গলবার (১০ নভেম্বর) শ্রীলঙ্কার অনুশীলন মাঠে বাংলাদেশী সাংবাদিকেরা তার সাক্ষাৎকার নিতে চাইলে মুতাইরি মজা করে বলেন, ‘আমার স্ত্রী সাংবাদিকদের সাক্ষাৎকার দিতে বারণ করেছেন। আমি সাক্ষাৎকার দেবো না। যে স্বামী স্ত্রীর কথা শোনে না, তিনি বেহেশ্তে যাবে না।’
এরপর সংবাদ সম্মেলনে বাংলাদেশের সংবাদমাধ্যম নিয়েও রসিকতা করেন তিনি। বাংলাদেশের কোচ হিসেবে কাজ করা অস্কার ব্রুজন, হাভিয়ের কাবরেরা ও টমাস ডুলির অভিজ্ঞতা নিয়ে প্রশ্নের জবাবে নিজের পারিবারিক জীবনের উদাহরণ টানেন মুতাইরি।
তিনি বলেন, ‘আমি যদি আমার স্ত্রীকে বলি কোনো কথা গোপন রাখতে হবে, তাহলে তার অর্থ দাঁড়ায় তার পরিবারের সবাই সেই কথা জেনে যাবে। বাংলাদেশের সংবাদমাধ্যমও ঠিক সে রকম; এখানে কোনো কিছুই গোপন থাকে না।’
বাংলাদেশ-শ্রীলঙ্কা ক্রিকেটের প্রতিদ্বন্দ্বিতা ও ‘নাগিন নাচ’ প্রসঙ্গেও কথা বলেন লঙ্কান কোচ। ফুটবলে ক্রিকেটের মতো আগ্রাসী উদযাপনের পক্ষে নন তিনি। তার মতে, প্রতিপক্ষকে সম্মান জানানোই ফুটবলের সৌন্দর্য। তবে রসিকতা করে তিনি যোগ করেন, ‘আমরা ফুটবল খেলি, ক্রিকেট নয়। ফুটবলের কাজ ভালোবাসা ছড়ানো। তবে একটা কথা বলে রাখি—কাল যদি আমরা জিতে যাই, আমি কিন্তু অক্ষয় কুমারের মতো নাচতে পারি। সুতরাং সাবধান থাকবেন!’
মাঠের লড়াই নিয়ে অবশ্য বেশ স্পষ্ট মুতাইরি। সেমিফাইনালে যেতে হলে বাংলাদেশের বিপক্ষে অন্তত ড্র করতে হবে শ্রীলঙ্কাকে। তার ফুটবল দর্শন, ‘জয় ছিনিয়ে নাও, নয়তো ছিটকে যাও।’
হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদের মতো মানসম্পন্ন খেলোয়াড় থাকায় বাংলাদেশকে শক্তিশালী দল হিসেবেও স্বীকার করেছেন তিনি। দুই দলের ম্যাচটি সাফের ইতিহাসের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হতে পারে বলে মনে করেন মুতাইরি।
প্রবাসে বা অন্য দেশে বেড়ে ওঠা ফুটবলারদের ‘বিদেশী’ তকমা দেয়ারও বিরোধিতা করেছেন তিনি। হামজা বাংলাদেশে আসার পর বিমানবন্দরে সমর্থকদের উচ্ছ্বাসকে গোটা এশিয়ার জন্য গর্বের বলে উল্লেখ করেন।
সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকরা বাড়তি প্রশ্ন করতে গেলে আবারো স্ত্রীর প্রসঙ্গ টেনে হাসতে হাসতে বলেন, ‘২১ বছরের সংসার আমার। বেশি দেরি হলে যদি ডিভোর্স হয়ে যায়, তখন কী করব? আপনারা কি চান আমার সংসার ভেঙে যাক?’
রসিকতা আর খোঁচায় সংবাদ সম্মেলন মাতালেও মাঠের লড়াইয়ে ছাড় দেয়ার ইঙ্গিত নেই মুতাইরির। আজ বুধবার রাত ৮টায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচে শ্রীলঙ্কার সামনে সেমিফাইনালে ওঠার কঠিন পরীক্ষা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








