শ্রীলঙ্কা, বাংলাদেশ, সাফ চ্যম্পিয়নশিপ, ডিফেন্ডার, বিশ্বনাথ ঘোষ, সেমিফাইনাল, ইনজুরি, থমাস ডুলি, ভুটান, মোহাম্মদ ইব্রাহিম, হামজা চৌধুরী, ফারহান আলী, তপু বর্মণ, আসিয়ান কাপ
ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। সংগৃহীত

সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে আগেই। এবার শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। তবে ম্যাচের আগে নতুন করে দুশ্চিন্তায় পড়েছে দল। চোটে পড়েছেন ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। ফলে আজ শ্রীলঙ্কার বিপক্ষে তার খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

Advertisement

সোমবার অনুশীলনের সময় চোট পান বিশ্বনাথ। তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসা দেন দলের ফিজিও। তবে মঙ্গলবার জাতীয় দলের অনুশীলনে যোগ দেননি তিনি। দলের সাথে হোটেলেই অবস্থান করছেন এই ফুটবলার। পরিস্থিতি বিবেচনায় শ্রীলঙ্কার বিপক্ষে তাকে পাওয়ার সম্ভাবনা কম।

বিশ্বনাথের চোট বাংলাদেশের কোচ থমাস ডুলির পরিকল্পনাতেও প্রভাব ফেলতে পারে। মূলত ডিফেন্ডার হলেও চলতি ক্যাম্পের শুরু থেকেই তাকে ফরোয়ার্ড পজিশনে অনুশীলন করিয়েছেন কোচ। ভুটানের বিপক্ষে আগের ম্যাচেও তাকে খেলানো হয়েছিল আক্রমণভাগে। 

বিশ্বনাথের অনুপস্থিতিতে বিকল্প ভাবতে হচ্ছে কোচকে। তার জায়গায় একাদশে দেখা যেতে পারে আগের ম্যাচের জয়সূচক গোলদাতা মোহাম্মদ ইব্রাহিমকে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে আরো কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

এদিকে ফিফা উইন্ডোতে দলের সাথে যোগ দিয়েছেন হামজা চৌধুরী ও ফারহান আলী। দুজনকে শ্রীলঙ্কা ম্যাচে কিভাবে ব্যবহার করেন কোচ, সেটিও থাকবে আলোচনায়। সেমিফাইনাল নিশ্চিত হওয়ায় এই ম্যাচে দলের সমন্বয় ও খেলোয়াড়দের পরখ করার সুযোগও পাচ্ছেন ডুলি।

সাফের শুরু থেকেই চোটের সমস্যায় ভুগছে বাংলাদেশ। ইনজুরির কারণে যুক্তরাষ্ট্র থেকে দলের সাথে যোগ দিতে পারেননি প্রবাসী ফুটবলার রোনান সুলিভান। ভুটানের বিপক্ষে একাদশ ঘোষণার পরও চোটের কারণে খেলতে পারেননি তপু বর্মণ। 

এবার সেই তালিকায় যুক্ত হলো বিশ্বনাথের নাম। গত সেপ্টেম্বরে চোটের কারণে আসিয়ান কাপেও খেলতে পারেননি এই ডিফেন্ডার।