বার্সেলোনা, আতলেতিকো মাদ্রিদ, লা লিগা, ফের্মিন লোপেস, ভালেন্সিয়া, রিয়াল মাদ্রিদ, লামিন ইয়ামাল, পেদ্রি, জোয়ান গার্সিয়া
গোলের পর ফের্মিন লোপেসের উদযাপন। সংগৃহীত

ঘরের মাঠে আতলেতিকো মাদ্রিদ শুরু থেকেই চড়াও ছিল বার্সেলোনার ওপর। গোলও আদায় করে এগিয়েও যায় তারা। তবে বিরতির ঠিক আগে সমতায় ফিরে ম্যাচে ফেরে কাতালানরা। এরপর দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়িয়ে জয়ও তুলে নেয় হান্সি ফ্লিকের দল। 

Advertisement

রোববার রাতে লা লিগার ম্যাচে ফের্মিন লোপেসের জোড়া গোলে মেত্রোপলিতানোতে আতলেতিকোকে ২-১ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরো সুসংহত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। 

১২ ম্যাচে ১১ জয় ও ৩৩ পয়েন্ট নিয়ে আন্তর্জাতিক বিরতিতে যাচ্ছে তারা। এক দিন আগে ভালেন্সিয়াকে হারিয়ে বার্সেলোনার সমান পয়েন্টে উঠেছিল রিয়াল মাদ্রিদ। আতলেতিকোকে হারিয়ে তাদের চেয়ে তিন পয়েন্টে এগিয়ে গেল ফ্লিকের দল।

ম্যাচের প্রথম দশ মিনিটেই দুই দলের আক্রমণে দুবার কেঁপেছে ক্রসবার। সপ্তম মিনিটে কর্নার থেকে মার্ক পুবিলের হেড বার্সেলোনার ক্রসবারে লেগে ফিরে আসে। পরের মিনিটেই লামিন ইয়ামালের পাস থেকে পেদ্রির বাঁ পায়ের শটও একই পরিণতি বরণ করে।

তবে গোল পেতে বেশি অপেক্ষা করতে হয়নি স্বাগতিকদের। দশম মিনিটে হুলিয়ান আলভারেসের নিচু ক্রস থেকে ভলিতে বল জালে পাঠান জুলিয়ানো সিমিওনে। শুরুতে আলভারেসের একটি সুযোগ নষ্ট হলেও এবার তার নিখুঁত ক্রসেই এগিয়ে যায় আতলেতিকো।

প্রথমার্ধে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। কিন্তু বার্সেলোনার গোলরক্ষক জোয়ান গার্সিয়ার দৃঢ়তায় আর গোল পায়নি তারা। উল্টো বিরতির ঠিক আগে সমতায় ফেরে বার্সেলোনা। 

৪৪তম মিনিটে পেদ্রির পাস পেয়ে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে গোল করেন ফের্মিন লোপেস। আতলেতিকোর এক খেলোয়াড়ের গায়ে লেগে বল ফিরে এসেছিল তার কাছে। সেই সুযোগ কাজে লাগিয়ে লক্ষ্যভেদ করেন স্প্যানিশ মিডফিল্ডার।

বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ আরো ভালোভাবে নিজেদের হাতে নেয় বার্সেলোনা। ৬৫তম মিনিটে ইয়ামালের দারুণ পাস ধরে বক্সে ঢুকে প্রথম স্পর্শেই বল জালে পাঠান লোপেস। তাতেই প্রথমবারের মতো এগিয়ে যায় বার্সেলোনা।

ক্লাবের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ সাত ম্যাচে চার গোলের পাশাপাশি পাঁচটি গোলে সহায়তা করেছেন লোপেস। আতলেতিকোর মাঠে তার জোড়া গোলই শেষ পর্যন্ত বার্সেলোনাকে এনে দিয়েছে মহামূল্যবান জয়।

যদিও সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে চেষ্টা চালায় আতলেতিকো। কিন্তু বার্সেলোনার রক্ষণে আর ফাটল ধরাতে পারেনি দিয়াগো সিমিওনের দল। শেষ পর্যন্ত লোপেসের দুই গোলেই পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ফ্লিকের শিষ্যরা।

এই জয় বার্সেলোনার জন্য ছিল স্বস্তির। চলতি মৌসুমে বড় প্রতিপক্ষের বিপক্ষে এটি তাদের গুরুত্বপূর্ণ এক সাফল্য।