প্রিমিয়ার লিগ, ম্যানচেস্টার সিটি, নটিংহ্যাম ফরেস্ট, অ্যাস্টন ভিলা, ব্রাইটন, লিয়াম ডেলাপ
ম্যানচেস্টার সিটি। সংগৃহীত

মৌসুমের শুরুটা ছিল দুর্দান্ত। প্রিমিয়ার লিগে প্রথম সাত ম্যাচেই জয় পেয়েছিল । সেই দলই এখন টানা তিন হারে বিপর্যস্ত। সর্বশেষ নটিংহ্যাম ফরেস্টের মাঠে ৩-১ গোলে হেরে শিরোপার লড়াইয়ে বড় ধাক্কা খেয়েছে তারা। তবে এমন পরিস্থিতিতেও দলের পারফরম্যান্স মূল্যায়নে ভারসাম্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন কোচ এনজো মারেস্কা।

Advertisement

অ্যাস্টন ভিলা ও ব্রাইটনের কাছে হারের পর এবার সিটির বিপক্ষে জয় তুলে নিয়েছে নটিংহ্যাম ফরেস্ট। নিজেদের মাঠ সিটি গ্রাউন্ডে ম্যাচের ১৮ মিনিটের মাঝেই দুই গোলে এগিয়ে যায় ফরেস্ট। গোল করেন জাইর কুনিয়া ও লিয়াম ডেলাপ। বিরতির পর রায়ান শেরকির দুর্দান্ত গোলে ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার আশা জাগায় সিটি। কিন্তু পাল্টা আক্রমণ থেকে নিজের দ্বিতীয় গোল করে ফরেস্টের জয় নিশ্চিত করেন ডেলাপ।

এই হারে লিগের শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে পড়েছে সিটি। ম্যাচ শেষে কোচ মারেস্কা বলেন, ‘জয় কিংবা হার—দুই পরিস্থিতিতেই দলের প্রতিক্রিয়ায় ভারসাম্য থাকা জরুরি।’

সিটি কোচ বলেন, ‘আমরা জিতলেও আমি সব সময় উদ্বিগ্ন থাকি। আমাদের ভারসাম্য রাখতে হবে। আমরা টানা সাতটি ম্যাচ জিতেছি। এখন টানা তিনটি ম্যাচ হেরেছি। তাই এ বিষয়েও ভারসাম্য রাখা দরকার।’

আন্তর্জাতিক বিরতিকে কাজে লাগিয়ে দলের দুর্বলতা চিহ্নিত করতে চান মারেস্কা। বিরতি শেষে নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশাও তার। তিনি বলেন, ‘আন্তর্জাতিক বিরতিতে আমরা বোঝার চেষ্টা করব, কোন জায়গায় আরো ভালো করতে পারি। বিরতি শেষে আবার শুরু করার চেষ্টা করব। প্রথম সাতটি ম্যাচে যেভাবে করেছি, একইভাবে এই বিরতিটাও কাজে লাগিয়ে কোন বিষয়গুলো উন্নত করা দরকার, তা পরিষ্কার করতে চাই।’

ফরেস্টের বিপক্ষে ম্যাচে চোটের কারণে মার্ক গেহি ও ইয়োশকো গভার্দিওলকে তুলে নিতে হয়েছিল বলেও জানিয়েছেন সিটি কোচ। দুজনই পরিবর্তনের অনুরোধ করেছিলেন। গভার্দিওল সপ্তাহজুড়েই কিছু সমস্যায় ভুগছিলেন।

অন্যদিকে সিটির বিপক্ষে জয় ফরেস্টের জন্য স্বস্তি ও আত্মবিশ্বাসের বড় উপলক্ষ। মৌসুমের প্রথম নয় ম্যাচে মাত্র এক জয় পাওয়া দলটি নতুন কোচ অলিভার গ্লাসনারের অধীনে মানিয়ে নিতে লড়ছিল। সেই সময়েই ডেলাপের জোড়া গোল দলটিকে এনে দিয়েছে গুরুত্বপূর্ণ জয়।

ক্লাব রেকর্ড দামে চেলসি থেকে ফরেস্টে যোগ দেয়ার পর প্রথম আট ম্যাচে মাত্র এক গোল করেছিলেন ডেলাপ। সিটির বিপক্ষে জোড়া গোলের পর তার পারফরম্যান্সের প্রশংসা করেছেন গ্লাসনার। তবে ফরেস্ট কোচের মতে, উন্নতির সুযোগ এখনো অনেক।

গ্লাসনার বলেন, ‘এখন লিয়ামের কাজ হলো অনুশীলন চালিয়ে যাওয়া এবং নিজের সেরা ফর্মে ফিরে আসা। ইপসউইচে যে লিয়াম ডেলাপকে আমরা দেখেছি, সেই অবস্থায় ফিরতে হবে। এরপরও অবশ্য তার খেলায় উন্নতির অনেক জায়গা আছে।’

ডেলাপের ফিনিশিং নিয়ে সন্তুষ্ট হলেও হেড, বক্সের মধ্যে অবস্থান নেয়া এবং বল ছাড়া দলের খেলার ধরন বোঝার ক্ষেত্রে উন্নতির তাগিদ দিয়েছেন গ্লাসনার।

ম্যাচে ডেলাপের দ্বিতীয় গোলের পর সাইডলাইন ধরে দৌড়ে গিয়ে খেলোয়াড়দের উদযাপনে যোগ দিয়েছিলেন ফরেস্ট কোচ। নিজের সেই উদযাপনের ব্যাখ্যায় মজার ছলে গ্লাসনার বলেন, ‘আমি তো খেলোয়াড়দের বলতে পারি না যে প্রতিপক্ষের চেয়ে বেশি দৌড়াতে হবে, অথচ আমি নিজেই প্রতিপক্ষ কোচের চেয়ে কম দৌড়াব। তাই আমার মনে হয়েছে, আমাকে অনুসরণ করতে হবে।’

তিনি আরো বলেন, ‘আমাকে বলা হয়েছে, আজ তারা সিটির চেয়ে ছয়-সাত কিলোমিটার বেশি দৌড়েছে। তার মানে এনজো মারেস্কার চেয়েও আমাকে বেশি দৌড়াতে হতো। আমি নিজের কাজটা করেছি। বিষয়টি আমার কাছে মজার ছিল।’