
১৫ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক পূর্ণ করে আল নাসরকে নবম জয় পাইয়ে দিয়েছেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো।
সৌদি প্রো লিগে নিজেদের ১১তম ম্যাচে রোনালদোর হ্যাটট্রিকে আল নাসর ৫-৩ গোলে হারিয়েছে আল খোলুদ ক্লাবকে।
ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ শেষ হয় ২-২ সমতায়। এই সমতা ম্যাচের ৬৫ মিনিট পর্যন্ত অব্যাহত ছিল।
এরপর ৬৬ থেকে ৮১ মিনিটের মধ্যে তিন গোল করে হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি আল নাসরকে ৫-২ গোলে এগিয়ে দেন রোনালদো।
৬৬ মিনিটে বাঁ-পায়ে এবং ৭২ মিনিটে হেডে গোল করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান তিনি।
৮১ মিনিটে ডান পায়ের গড়ানো শটে হ্যাটট্রিক পূর্ণ করেন রোনালদো। দীর্ঘ আড়াই বছর পর হ্যাটট্রিক করলেন তিনি।
২০২৪ সালের মে মাসে সর্বশেষ হ্যাটট্রিক করেছিলেন রোনালদো। সর্বশেষ হ্যাটট্রিকও করেছিলেন আল নাসরের জার্সিতেই। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৬৭তম হ্যাটট্রিক করলেন রোনালদো।
হ্যাটট্রিক গড়া ম্যাচে ক্যারিয়ারে গোল সংখ্যা ৯৮৫-এ নিয়ে গেলেন রোনালদো। এক হাজার গোলের মাইলফলকে পৌঁছাতে আর মাত্র ১৫ গোল বাকি তার। চলতি মৌসুমে আল নাসরের হয়ে ১২ ম্যাচে ৯ গোল করেছেন রোনালদো। এর মধ্যে সৌদি প্রো লিগে ৮ গোল।
শেষ দিকে পেনাল্টি থেকে ব্যবধান কমায় আল খোলুদ। শেষ পর্যন্ত ৫-৩ গোলে ম্যাচ জিতে নেয় আল নাসর।
১১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে আল নাসর। ১ ম্যাচ বেশি খেলে ২৮ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে আছে আল কাদসিয়াহ। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








