
বয়সকে যেন সংখ্যা বানিয়ে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। যার ঝলক ফের দেখা গেল। সৌদি প্রো লিগে আল খুলুদের বিপক্ষে ২-২ সমতায় থাকা ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র ১৫ মিনিটে একাই বদলে দিলেন পুরো চিত্র।
ডান পা, বাম পা ও হেডে গোল করে রোনালদো পূর্ণ করেন পারফেক্ট হ্যাটট্রিক। তার তাতেই ৫-৩ ব্যবধানে জয় পেল আল নাসর। বড় অবদান রেখেছেন জোয়াও ফেলিক্সও। নিজে গোল না পেলেও সতীর্থদের দিয়ে করিয়েছেন চারটি গোল।
এই পারফেক্ট হ্যাটট্রিকে রোনালদোর ক্যারিয়ারের গোলসংখ্যা পৌঁছে গেল ৯৮৫-এ। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ১০০০ গোলের মাইলফলক ছুঁতে এখন প্রয়োজন আর মাত্র ১৫টি গোল।
বৃহস্পতিবার রাতে শুরু থেকেই জমে উঠেছিল ম্যাচটি। ১৬ মিনিটে জুলিয়েন ডমিঙ্গুসের গোলে এগিয়ে যায় আল খুলুদ। অ্যাঞ্জেলো গাব্রিয়েলের গোলে দ্রুতই সমতায় ফেরে আল নাসর। এরপর সাদিও মানের গোলে এগিয়েও যায় তারা।
তবে প্রথমার্ধের যোগ করা সময়ে অন্তোয়ান এসোম্বার গোলে ২-২ সমতায় ফেরে আল খুলুদ। এরপরই দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রোনালদো। ৬৬ মিনিটে প্রথম গোল, ছয় মিনিট পর দ্বিতীয়টি। ৮১ মিনিটে তৃতীয় গোল করে পূর্ণ করেন হ্যাটট্রিক।
ডান পা, বাম পা ও মাথা—তিন ভিন্ন উপায়ে গোল করে পূর্ণ করা এই হ্যাটট্রিকই পরিচিত ‘পারফেক্ট হ্যাটট্রিক’ নামে।
২০২৩ সালে সৌদি আরবে পাড়ি জমানোর পর আল নাসরের জার্সিতে এটি রোনালদোর সপ্তম হ্যাটট্রিক। সব মিলিয়ে পেশাদার ক্যারিয়ারে তার হ্যাটট্রিক এখন ৬৭টি।
এর মধ্যে রিয়াল মাদ্রিদের হয়ে ৪৪টি, পর্তুগালের হয়ে ১০টি, আল নাসরের হয়ে ৭টি ও ম্যানচেস্টার ইউনাইটেড ও ইউভেন্তুসের হয়ে ৩টি করে। ৬৭ হ্যাটট্রিকের ১১টিই আবার পারফেক্ট হ্যাটট্রিক।
এই হ্যাটট্রিকের পর পেশাদার ফুটবলে সর্বোচ্চ গোলের তালিকায় রোনালদোর সাথে লিওনেল মেসির ব্যবধানও বেড়েছে। রোনালদোর ৯৮৫ গোলের বিপরীতে মেসির গোল ৯৩৬। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ব্যবধান এখন ৪৯ গোল।
তবে রোনালদোর চোখ এখন আরো বড় এক মাইলফলকে। ৯৮৫ থেকে ১০০০—মাঝে মাত্র ১৫ গোল। বয়স বাড়ছে, কিন্তু গোলের ক্ষুধা কমছে না। বরং হাজার গোলের ঐতিহাসিক চূড়ার দিকেই ছুটে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








