ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ, বাংলাদেশ, গ্যাবন, ফুটবল
বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। সংগৃহীত

শেষ চারে গ্যাবনকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৫ দল। আজারবাইজানের বাকুতে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের টায়ার-ই সেমিফাইনালে ১-০ গোলে জিতেছে আকবর হোসেন রিদনের দল। ম্যাচের ১৪ মিনিটে নাঈমুর রহমান রাতুলের করা গোলটিই শেষ পর্যন্ত গড়ে দিয়েছে পার্থক্য।

Advertisement

বৃহস্পতিবার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। প্রথম ১০ মিনিটে কয়েকবার প্রতিপক্ষের রক্ষণে চাপ তৈরি করলেও গোলের দেখা পায়নি তারা। তবে ১৪ মিনিটে আসে কাঙ্ক্ষিত মুহূর্ত। ডান দিক থেকে বাংলাদেশের এক খেলোয়াড়ের জোরালো শট ঠেকিয়ে দেন গ্যাবনের গোলরক্ষক। ফিরতি বল পেয়ে হেডে জালে পাঠান রাতুল।

এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করার সুযোগও পেয়েছিল বাংলাদেশ। ১৮ মিনিটে বাম দিকের আক্রমণ থেকে গোলরক্ষককে একা পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি এক বাংলাদেশী খেলোয়াড়। ফলে এক গোলের লিড নিয়েই বিরতিতে যেতে হয় বাংলাদেশকে।

দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া হয়ে ওঠে গ্যাবন। তবে বাংলাদেশের রক্ষণ সামলে নেয় প্রতিপক্ষের আক্রমণ। অন্যদিকে ব্যবধান বাড়ানোর চেষ্টা চালিয়ে যায় বাংলাদেশও। শেষ পর্যন্ত প্রথমার্ধে পাওয়া লিড ধরে রেখেই মাঠ ছাড়ে বাংলাদেশের কিশোররা।

এই ফাইনালে ওঠার পথটাও সহজ ছিল না বাংলাদেশের। সিশেলসকে টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নেয় দলটি। এরপর সিঙ্গাপুরকেও টাইব্রেকারে হারায় তারা। 

কোয়ার্টার ফাইনালে মন্টেনেগ্রোকে ৪-০ গোলে উড়িয়ে সেমিফাইনালে ওঠার পর এবার গ্যাবনকে হারিয়ে নিশ্চিত করল ফাইনাল। এখন টায়ার-ই পর্যায়ের শিরোপা জয়ের অপেক্ষা বাংলাদেশের। 

উল্লেখ্য, এই পর্যায়ের ফাইনাল জিতলেই টুর্নামেন্টের মূল বিশ্বচ্যাম্পিয়ন হওয়া যাবে না। মূল বিশ্বশিরোপা নির্ধারিত হবে টায়ার-এ পর্যায়ের প্রতিযোগিতায়। তাই আপাতত বাংলাদেশের লক্ষ্য টায়ার-ই চ্যাম্পিয়ন হওয়া।