
২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর ও ডিসেম্বরে স্পেন, পর্তুগাল ও মরক্কোর সম্ভাব্য আয়োজক শহরগুলো পরিদর্শন করবে ফিফা।
মঙ্গলবার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি এ তথ্য জানিয়েছে।
তিন আয়োজক দেশের সম্ভাব্য শহর ও স্টেডিয়ামগুলো পরিদর্শন করে সেখানে বিশ্বকাপের ম্যাচ আয়োজনের উপযোগিতা যাচাই করবে ফিফার একটি প্রতিনিধি দল।
কোন কোন ভেন্যু পরিদর্শন করা হবে, তা এখনো নিশ্চিত করেনি ফিফা। একইসাথে বিশ্বকাপের ফাইনাল কোথায় অনুষ্ঠিত হবে, সে বিষয়েও কোনো ঘোষণা দেয়নি সংস্থাটি।
ফুটবলের সবচেয়ে বড় ম্যাচটি আয়োজনের লড়াইয়ে রয়েছে স্পেন ও মরক্কো।
পরিকল্পনা অনুযায়ী, মরক্কোর আগাদির, কাসাব্ল্যাঙ্কা, ফেজ, মারাকেশ, রাবাত ও ট্যাঞ্জিয়ার, পর্তুগালের লিসবন ও পোর্তো এবং স্পেনের বার্সেলোনা, বিলবাও, লাস পালমাস, মাদ্রিদ, সান সেবাস্তিয়ান, সেভিয়া ও জারাগোজা পরিদর্শন করা হবে। ভেন্যু নির্বাচনের প্রক্রিয়ায় আরো কিছু স্থানও পরিদর্শন করা হতে পারে বলে জানিয়েছে ফিফা।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি আরো জানিয়েছে, চূড়ান্ত আয়োজক শহরের তালিকা নিশ্চিত হওয়ার পর এবং টুর্নামেন্টের সূচি প্রণয়নের কাজ এগিয়ে গেলে কোন ভেন্যুতে কতটি ও কী ধরনের ম্যাচ অনুষ্ঠিত হবে, তা নির্ধারণ করা হবে।
বিশ্বকাপের শতবর্ষ পূর্তি উপলক্ষে ২০৩০ আসরের প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে। ১৯৩০ সালে উরুগুয়েতে বিশ্বকাপের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিল।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








