
ফুটবল থেকে বিদায় নেয়ার পরপরই নতুন কোনো দায়িত্বে জড়াতে চান না নেইমার জুনিয়র। বরং পেশাদার জীবনের ব্যস্ততা থেকে পুরোপুরি দূরে থেকে প্রথম এক বছর নিজের মতো করে কাটাতে চান ব্রাজিলিয়ান তারকা। তবে কবে অবসর নেবেন, সেই সিদ্ধান্ত এখনো নেননি তিনি।
সম্প্রতি ব্রাজিলের অনুষ্ঠান ভারান্দা গুরমে-তে দেয়া সাক্ষাৎকারে অবসর-পরবর্তী জীবনের পরিকল্পনা জানিয়েছেন নেইমার। সেখানে তিনি বলেন, ‘ফুটবল ছাড়ার পর প্রথম এক বছর কোনো নিয়ম বা নির্দিষ্ট সময়সূচির মধ্যে থাকতে চাই না।’
তিনি আরো বলেন, ‘আমি যখন খেলা ছেড়ে দেব, তখন এক বছর কিছুই করব না। এমন হবে আজ ফুটবল খেলতে ইচ্ছা করছে, তাই খেলতে যাব। আজ কিছুই করতে ইচ্ছা করছে না, তাই কিছুই করব না।’
আন্তর্জাতিক ফুটবল থেকে ইতোমধ্যে বিদায় নিয়েছেন ৩৪ বছর বয়সী এ তারকা। তবে ক্লাব ফুটবলে এখনো খেলে যাচ্ছেন। সান্তোসের সাথে তার বর্তমান চুক্তির মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত। ফলে চুক্তি শেষ হওয়ার পর খেলোয়াড় হিসেবে ভবিষ্যৎ কী হবে, তা এখনো নিশ্চিত নয়।
অবসরের পর ফুটবল থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যেতে চান না নেইমার। মাঠে খেলতে ভালোবাসলেও টেলিভিশনে বসে দীর্ঘ সময় ফুটবল দেখতে তার খুব একটা ভালো লাগে না। বরং সন্তানদের সাথে সময় কাটানোই অবসর-পরবর্তী জীবনে তার কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
অনুশীলন ও ফিজিওথেরাপির ব্যস্ততার মধ্যেও সন্তানদের জন্য সময় বের করার কথা জানিয়েছেন তিনি। বিশেষ করে মেয়ের সাথে ‘শ্রেক’ ও ‘দ্য গ্রিঞ্চ’ দেখার অভ্যাসের কথাও বলেছেন নেইমার।
অবসর কবে—সে উত্তর এখনো দেননি ব্রাজিলের এই তারকা। তবে ফুটবল-পরবর্তী প্রথম বছরটা যে নিজের ইচ্ছেমতো, কোনো বাধা-ধরা নিয়ম ছাড়াই কাটাতে চান, সেটি স্পষ্ট করে দিয়েছেন তিনি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








